দু'দিন কিংবা একদিনের ছুটি কাটাতে বাঙালির অন্যতম জনপ্রিয় ঠিকানা মন্দারমণি। বিস্তৃত সমুদ্রসৈকত, বিলাসবহুল হোটেল, খানাপিনার আনন্দ নিতে পশ্চিমবঙ্গের এই সি-বিচে উইকএন্ডে ভিড় জমান বহু মানুষ৷ আর সেখানেই নাকি হাজির হয়েছেন সানি লিওনি! গত রবিবার থেকে অভিনেত্রীর একের পর পোস্ট ঘিরে বাংলার অনুরাগীদের উত্তেজনার পারদ চড়েছে তুঙ্গে। কিন্তু সত্যি কি মন্দারমণি এসেছেন 'বেবি ডল'? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।
সানি লিওনির মন্দারমণির সফর নিয়ে অভিনেত্রী নিজেই জল্পনা উস্কে দিয়েছেন। গত রবিবার ছুটির আমেজে তাঁর একটি ছবি ঘিরে উত্তাল হয়ে ওঠে সমাজমাধ্যম। অভিনেত্রীর পরনে ছিল, সবুজ রঙের প্রিন্টেট শ্রাগ আর হট প্যান্ট আর লাইম রঙের ব্রালেট, চোখে সানগ্লাস। সমুদ্রের ধারে তোলা সেই ছবি দিয়ে সানি লেখেন, "মালদ্বীপ নাকি মন্দারমণি?" যা দেখে কেউ ভেবেছেন, হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি, আবার কারওর মনে মালদ্বীপ আর মন্দারমণির নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
এরপর ৪৮ ঘণ্টার মধ্যে মঙ্গলবার ফের একই পোশাকে কয়েকটি ছবি শেয়ার করে সানি। প্রথমে এদিন দুপুরে এক ঘণ্টার ব্যবধানে দুটি পোজের ছবি দিয়ে একটিতে লেখেন, "মন্দারমণি মুড"৷ আর আরেকটিতে, " থোরা সা রোম্যান্স"। এরপর সন্ধে ৬টা নাগাদ আরও একটি উষ্ণ ছবিতে ক্যাপশন দেন, "মন্দারমণিতে চমক"। আর এই প্রতিটি ছবির লোকেশন হিসেবে #মন্দারমণি দেন অভিনেত্রী।
সানির একাধিক পোস্ট দেখেও অনেকেই তাঁর বাংলার সমুদ্রসৈকতে আসা যেন বিশ্বাস করতে পারছেন না! আবার মজার মজার প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে কমেন্ট বাক্স। কেউ লিখেছেন, ‘দীঘাতেও আসছ নাকি দিদি?’ আরেকজন আবার কৌতুকের সুরে বলেন,, ‘ফেরার সময় দেখা করে যেও, আমি চাউলখোলাতে আছি।’ আরেকজনের কথায় ‘গোটা বঙ্গবাসী এখন মান্দারমনির দিকে যাচ্ছে’।
সানি লিওনি কিংবা বা তাঁর টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ফলে তিনি ব্যক্তিগত সফরে এসেছিলেন, কোনও শুটিংয়ের কাজে গিয়েছিলেন, নাকি শুধুই লোকেশন ট্যাগ করেছেন, তা স্পষ্ট নয়। তবে অনেকের মতে, যদি সত্যিই সানি সেখানে গিয়ে থাকেন, তাহলে বাংলার পর্যটনের জন্য এটি বড় প্রচার হতে পারে।
কোনও জনপ্রিয় তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট একটি পর্যটনকেন্দ্রকে মুহূর্তের মধ্যে আলোচনায় এনে দিতে পারে। সানি লিওনের এই পোস্টের পরও ঠিক সেটাই হয়েছে। অনেকেই নতুন করে মন্দারমণি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। কেউ আবার পরের ছুটিতে সেখানে যাওয়ার পরিকল্পনাও করছেন। যদিও সানি সত্যিই মন্দারমণিতে ছিলেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
















