বারুইপুর কাণ্ডের সঙ্গে যুক্ত থেকে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। নিজেই এমনটা জানিয়েছেন শ্রীলেখা। তিনি সমাজমাধ্যমে লেখেন, 'আমি জানতে পেরেছি যে বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনার সাথে যুক্ত থেকে অশান্তি ছড়ানোর অভিযোগে আমার নামে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। আমি এই অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করছি এবং দাবি জানাচ্ছি যে, কোথায়, কখন এবং কী উপায়ে আমি এই ধরনের প্ররোচনা দিয়েছি, তার প্রমাণ দেওয়া হোক।'

তিনি আরও বলেন, 'যদি কেউ দাবি করেন যে আমি এই ধরনের কোনো মন্তব্য করেছি বা পদক্ষেপ নিয়েছি, তবে তারা পরিষ্কার প্রমাণ উপস্থাপন করুন। আমি সত্যের পথে অটল আছি এবং ভবিষ্যতেও দায়িত্বশীল ও আইনানুগভাবে কথা বলে যাব। আমি দাবি জানাই যে, আমার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো ভিত্তিহীন নয়, বরং তথ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করা হোক।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

এরপর শ্রীলেখা আরও একটি পোস্টে লেখেন, 'অন্যায় দেখলে আমি বলব। এটাই আমার গণতান্ত্রিক অধিকার, এটাই আমার সাংবিধানিক অধিকার। আমার আছে মতপ্রকাশের স্বাধীনতা, আছে বাক্‌স্বাধীনতা। তাই যেখানে অন্যায় দেখব, সেখানেই প্রতিবাদ করব—দলমত নির্বিশেষে। আমার মুখ বন্ধ করা যাবে না, আমার চিন্তাশক্তিকে স্তব্ধ করা যাবে না। আমি কোনো তোষামোদ বা চাটুকারিতা করি না। আমি মানুষ; নিজের মান, মর্যাদা এবং বিবেক নিয়ে বাঁচতে চাই। যতদিন বাঁচব, মাথা উঁচু করে, সত্যের পাশে দাঁড়িয়েই বাঁচব। FIR করে কন্ঠ রোধ করতে পারবেন না আমার। (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

আজকাল ডট ইন-কে শ্রীলেখা মিত্র জানান, বারুইপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।‌ আর তিনি এই ঘটনায় ক্ষুব্ধ। আইনি পথেই হাঁটার সিদ্ধান্তও নিয়েছেন অভিনেত্রী।