বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছোটপর্দার নায়ক। ফোনে কথা বলতে বলতেই একটা সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তে ছিটকে পড়ে যান অভিনেতা। কী হয় তারপর? ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। আসলে এই দৃশ্য বাস্তবে নয়, ঘটেছে টেলিভিশনের পর্দায়।‌ সান বাংলার ধারাবাহিক 'সোহাগে আদরে'-তে দেখা যেতে চলেছে এমন এক দৃশ্য।

সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে ইতিমধ্যেই দর্শক মহলে জোরদার আলোচনা শুরু হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, সূর্য বাইকে করে যাচ্ছে। এদিকে, কারওর সঙ্গে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে সে। এর মাঝেই একটা সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে তার। টাল সামলাতে না পেরে পড়ে যায় সে। সূর্যর অ্যাক্সিডেন্টের খবর সোহাগ পায়। সে কাঁদতে কাঁদতে এসে বাড়ির লোককে সবটা জানায়। মুহূর্তে বদলে যায় তাদের বাড়ির পরিবেশ। কী হবে সূর্যর? সোহাগ কি পারবে তাকে সুস্থ করে তুলতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

সোহাগ ও সূর্য বিপরীত মেরুর মানুষ। কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেদের অজান্তেই একে অপরের কাছে আসে তারা। বিয়েও হয় দু'জনের। কিন্তু সোহাগকে এখনও পর্যন্ত মেনে নিতে পারেনি তার শাশুড়ি। অনেকদিন পর্যন্ত সূর্যর সঙ্গেও তার তেমন একটা বোঝাপড়া ছিল না। 

প্রসঙ্গত, এই ধারাবাহিকে 'সোহাগ'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণিমা হালদারকে। অন্যদিকে, 'সূর্য'র চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শুভরঞ্জন মুখোপাধ্যায়কে। তাঁদের জুটিকে দর্শক প্রথমবার পর্দায় দেখছেন। কিন্তু প্রথমবার জুটি বেঁধেই দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা।