আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
প্রয়াত এস জানকী
প্রয়াত কিংবদন্তি গায়িকা এস জানকী। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আজ ১১ জুলাই, মাইসোরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি প্রয়াত হন। দীর্ঘ কয়েক দশকের সঙ্গীত জীবনে তিনি চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। জানা গিয়েছে, গগ শুক্রবার রাত থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি, তারপরেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। দক্ষিণী সঙ্গীত জগতের 'নাইটেঙ্গেল' হিসেবে পরিচিত এস জানকী শুধু তামিল, তেলুগু, কন্নড় বা মালয়ালম নয়, বরং প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তাঁর গাওয়া গানের সংখ্যা প্রায় ৪৮ হাজারেরও বেশি, যা এক বিস্ময়কর রেকর্ড। বহু দশক ধরে তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থেকেছে অগুনতি শ্রোতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।
বিয়ে সারলেন আকাঙ্ক্ষা-শরণ
অবশেষে চার হাত এক হল। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর এবং পরিচালক শরণ শর্মা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের মুহূর্তের কিছু ছবি ভাগ করেছেন এই নবদম্পতি, যা নিমেষেই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। খুব ব্যক্তিগত পরিসরেই এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা।
কত টাকায় বাড়ি বিক্রি করলেন সলমন?
বলিউড সুপারস্টার সলমন খান তাঁর মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। জানা যাচ্ছে, বান্দ্রার শিব-আস্থান হাইটসে অবস্থিত ৭৫৮ বর্গফুটের এই ফ্ল্যাটটি ৩.৫০ কোটি টাকায় বিক্রি করেছেন 'ভাইজান'।জানা গিয়েছে, সলমন ২০১৫ সালে এই ফ্ল্যাটটি ২.৮৮ কোটি টাকায় কিনেছিলেন। দীর্ঘ ১১ বছর পর সেটি ৩.৫০ কোটি টাকায় বিক্রি করায় বেশ কিছুটা মুনাফা অর্জন করলেন বটে। এই ফ্ল্যাটের সঙ্গে দুটো কার পার্কিং সুবিধাও রয়েছে। গত ৯ জুলাই এই সম্পত্তি হস্তান্তরের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ক্রেতারা ফ্ল্যাটটি কেনার সময় ২১ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন। সম্প্রতি আবার শোনা যাচ্ছে, সলমন তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়েও চলে যাবেন। এর মধ্যেই তাঁর ফ্ল্যাট বিক্রির খবরে বেশ সরগরম বলিউড।















