ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কে হবেন বড়পর্দার পরবর্তী ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড ? হলিউড তো বটেই, বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন। ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’ ইতিমধ্যেই নতুন ০০৭ (007) খোঁজার কাজ অফিশিয়ালি শুরু করে দিয়েছে। এই হাই-ভোল্টেজ জল্পনার মাঝেই এবার এক বিস্ফোরক ও চমকপ্রদ দাবি করে বসলেন ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক শেখর কাপুর। তাঁর মতে, পরবর্তী জেমস বন্ড হওয়ার সমস্ত গুণ রয়েছে বলিউড সুপারস্টার জন আব্রাহামের মধ্যে!
পরিচালক শেখর কাপুর তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে জনের একটি ছবি শেয়ার করে লেখেন, “পরবর্তী বন্ডের খোঁজ যখন তুঙ্গে, তখন ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড হিসেবে আমার ভোট থাকবে জন আব্রাহামের পক্ষে। ওঁর মধ্যে সেই শান্ত, দুর্দান্ত ‘শেকেন নট স্টারড’ ( ব্যক্তিত্ব রয়েছে। একই সাথে বন্ডের সেই চেনা আকর্ষণ ও অভিনয়ের দক্ষতাও ওঁর আছে। প্রসঙ্গত বলে রাখি, ড্যানিয়েল ক্রেগকে আমার ‘এলিজাবেথ’ ছবিতে দেখার পরেই বন্ডের প্রযোজকরা তাঁকে কাস্ট করেছিলেন।”
বিশ্বের অন্যতম সেরা গল্পকারের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত ‘পাঠান’ খ্যাত খলনায়ক জন আব্রাহাম। শেখর কাপুরের পোস্টটি নিজের প্রোফাইলে রি-শেয়ার করে জন লেখেন, “অনেক ধন্যবাদ স্যার। আপনার বলা এই কথায় এবং উৎসাহে আমি সত্যিই সম্মানিত ও আপ্লুত। আপনি এমন একজন ব্যক্তিত্ব— যিনি শুধু গল্প বলার ধরনকেই নতুন রূপ দেননি, বরং গোটা বিশ্ব বন্ড হিসেবে চেনার আগেই ড্যানিয়েল ক্রেগের ভেতরের প্রতিভাকে চিনেছিলেন... তাঁর কাছ থেকে এই প্রশংসা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।” মজার ছলে বন্ডের আইকনিক সংলাপ টেনে জন আরও যোগ করেন, “আর বন্ডের কথা যদি বলেন... আমি আনন্দের সঙ্গে এখনই আমার মার্টিনির অর্ডার দেওয়ার প্র্যাকটিস শুরু করে দিচ্ছি— ‘শেকেন, নট স্টারড’।”
হলিউড সূত্রে খবর, পরবর্তী জেমস বন্ডের ছবিটি পরিচালনা করতে চলেছেন বিশ্বখ্যাত পরিচালক ডেনিস ভিলেনিউভ। ছবির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। অ্যামি পাসকাল এবং ডেভিড হেইম্যানের মতো বড় নাম এই প্রজেক্টের প্রযোজনার দায়িত্বে রয়েছেন। খবর, অফিশিয়াল কাস্টিং শুরু হওয়ার আগে থেকেই জ্যাকব এলর্ডি, ক্যালাম টার্নার এবং অ্যারন টেলর-জনসনের মতো হলিউড তারকাদের নাম বন্ডের দৌড়ে ঘোরাফেরা করছে। তবে এখনও ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
Thank you so much Sir @shekharkapur Truly humbled by your words and encouragement. Coming from someone who not only redefined storytelling but also had the instinct to spot Daniel Craig before the world saw Bond in him… this means a lot to me.
— John Abraham (@TheJohnAbraham)
As for Bond… I’ll happily start… https://t.co/eQCOxnQmaETweet by @TheJohnAbraham
১৯৯৯ সালে গ্ল্যাডরাগস ম্যানহান্ট জিতে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন জন আব্রাহাম। এরপর ২০০৩ সালে ইরোটিক থ্রিলার ‘জিসম’ দিয়ে বলিউডে ডেবিউ। তবে ওঁর কেরিয়ারের মোড় ঘুরে যায় ২০০৪ সালের ‘ধুম’ ছবির হাত ধরে। এরপর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘দোস্তানা’, ‘বাটলা হাউস’ এবং সাম্প্রতিককালে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ ছবিতে খলনায়ক জিম-এর চরিত্রে জনের মারকাটারি অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছে।
শন কনারি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং সবশেষে ড্যানিয়েল ক্রেগ (যিনি ৫টি বন্ড ছবিতে অভিনয় করেছেন)— এই কিংবদন্তিদের তালিকায় শেষ পর্যন্ত কোনও ভারতীয় অভিনেতার নাম যুক্ত হওয়া সম্ভব কি না, তা সময়ই বলবে। তবে শেখর কাপুরের এই ‘বন্ড ভোট’ যে জনের অনুরাগীদের উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।
















