২০২৪ সালে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। সম্প্রতি মেয়ের বিয়ে নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। জানালেন সোনাক্ষী এবং জাহির একদম পারফেক্ট ম্যাচ। একই সঙ্গে তাঁদের বিয়ে নিয়ে দিলেন বিশেষ বার্তাও।
সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা যেহেতু তাঁর বাড়ির নাম রামায়ণ, সেখানে কী করে মেয়ের বিয়ে ভিন ধর্মে দিলেন বা মেনে নিলেন সেই প্রসঙ্গেই বর্ষীয়ান অভিনেতা মুখ খুললেন। জানালেন সোনাক্ষী এবং জাহিরের মধ্যে সব ঠিক আছে কিনা। শত্রুঘ্ন সিনহার কথায়, 'সব ঠিক আছে। আমরা সবাই খুব খুশি আছি। সোনাক্ষীর যার সঙ্গে বিয়ে হয়েছে, ওদের দু'জনকে দেখেই মনে হয় যেন মেড ফর ইচ আদার।'
এদিন একই সঙ্গে, শত্রুঘ্ন সিনহা জানান তাঁদের বিয়ে বৈধ কিনা। বর্ষীয়ান অভিনেতা জানালেন, 'সবথেকে বড় কথা, এবং জরুরিও বটে, আমরা কোনও বেআইনি কাজ করিনি। সংবিধান বিরোধী কোনও কাজও করিনি। বাচ্চারা বড় হয়েছে, পূর্ণবয়স্ক। ওরা খুশি। আর মিয়া বিবি রাজি থাকলে, কার কী বলার আছে? আমাদের ওদের সঙ্গ দেওয়া উচিত। সম্পূর্ণ মন থেকে ওদের উপর ছাতার মতো আছি।'
প্রসঙ্গত, ২০২৪ সালে পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে তাঁদের চার হাত এক হয়েছে। সোনাক্ষী এবং জাহিরের বিয়েতে শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী পুনম সিনহা উপস্থিত ছিলেন। কিন্তু সোনাক্ষীর ভাইদের দেখা যায়নি। সেই সময় রটে যায় যে তাঁরা এই বিয়ে নিয়ে খুশি নন।
প্রসঙ্গত সোনাক্ষী নিজেও তাঁর বিয়ে সম্পর্কে জানিয়েছেন, তিনি সবসময় বিশ্বাস করেন যে ভালবাসার জয় হয় শেষ পর্যন্ত। আর তিনি প্রথম নন যিনি ভিন ধর্মে বিয়ে করেছেন। আবার তিনি শেষ নন যিনি এই কাজ করলেন। তিনি কেবল যাঁকে ভালবাসেন তাঁকেই বিয়ে করেছেন। সোনাক্ষী এবং জাহির মাঝে মধ্যেই অনুরাগীদের সঙ্গে তাঁদের খুনসুটি ভরা মুহূর্ত ভাগ করে নেন।















