রাজ্যে গেরুয়া ঝড়। বাংলার মাটিতে গজিয়ে উঠছে পদ্ম বাগান। এই আবহে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই আবহে যেন আসার আলো দেখছেন এসএসআর সিনেমাজের কর্ণধার ও পরিবেশক শতদীপ সাহা। সমাজমাধ্যমে গেরুয়া ব্যাকগ্রাউন্ডের পোস্টে শতদীপ লিখলেন, 'এবার থেকে নন্দনে সব বাংলা সিনেমা চালানো হোক!! আর তারপর প্রোডিউসারদের এক মাসের মধ্যে তাদের টাকা দেওয়া হোক‌।' 

শতদীপের পোস্টে কমেন্টর ঝড় বয়ে গিয়েছে। তাঁকে সমর্থন করে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। 

উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলায় গেরুয়া ঝড়ে ঝরে পড়ল ঘাসফুল। কাকদ্বীপ থেকে কালিম্পং, গেরুয়া শিবির ইতিমধ্যেই উদযাপনে মেতে উঠেছে। কোথাও বাইক মিছিল, কোথাও বা গেরুয়া আবির খেলা, কোথাও আবার বিজেপির অফিসের সামনেই মিষ্টিমুখ। জেলায় জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাস চোখে পড়ার মতো। 

খাস কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়ির সামনে 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছেন বিজেপি সমর্থকরা। এমনকী তাঁর বাড়ির সামনে দিয়েই বিজেপি সমর্থকদের বাইক মিছিল যায়।

অন্যদিকে, তৃণমূলের তারকা প্রার্থীদের পরাজয়ের খবরেও তোলপাড় সোশ্যাল মিডিয়া। জিতে যাওয়া জায়গা থেকে ২৬-এর নির্বাচনে পিছিয়ে এলেন রাজ চক্রবর্তী, লাভলি মৈত্রর মতো তারকারা। এগিয়ে গেলেন গেরুয়া শিবিরের রুদ্রনীল ঘোষ, শর্বরী মুখার্জি, রূপা গাঙ্গুলির মতো তারকারা।