দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে ফিরছে জনপ্রিয় ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজি। আসছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। ফের রহস্যের জট খুলবে বাঙালির 'হার্টথ্রব' গোয়েন্দা সোনাদা। বাংলা নববর্ষের প্রথম দিনে দর্শকদের জন্য বড় উপহার দিলেন এই ছবির নির্মাতারা। পয়লা বৈশাখে মুক্তি পেল ছবির টিজার। যা প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মনে কৌতূহল তৈরি হয়েছে।
ছবির গল্প এবার সুন্দরবনকে ঘিরে। প্রতাপাদিত্যের গুপ্তধনের খোঁজেই শুরু হবে নতুন অভিযান। জঙ্গল, ইতিহাস আর রহস্যে ঘেরা ছবিতে থাকবে টানটান উত্তেজনা।
টিজারের শুরুতেই দেখা যায় সুবর্ণ সেন যেন নতুন কোনও রহস্যের ডাক পেয়েছেন। এরপর দ্রুত দৃশ্য বদলে দেখা যায় সুন্দরবনের ঘন জঙ্গল, অজানা পথ আর লুকিয়ে থাকা বিপদের আভাস। কোথাও রহস্যময় ইঙ্গিত, কোথাও বিপদের ছায়া—সব মিলিয়ে টিজারটি বেশ রোমাঞ্চকর। শেষে মূল চরিত্রদের একসঙ্গে দেখা যায়, তাঁদের চোখে-মুখে স্পষ্ট দুশ্চিন্তা আর দৃঢ়তা, যা বুঝিয়ে দেয়, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। সঙ্গে সোনাদার দৃপ্ত কন্ঠে ভেসে আসে, ‘এবার নতুন অ্যাডভেঞ্চার।‘
ছবিটির প্রসঙ্গে অভিনেতা আবির চ্যাচার্জি জানিয়েছেন, এই চরিত্রে ফিরে আসা তাঁর কাছে সবসময়ই বিশেষ। সুন্দরবনের মতো জায়গায় কাজ করার অভিজ্ঞতাও আলাদা, যা দর্শকরাও অনুভব করবেন বলে তিনি আশাবাদী। অন্যদিকে, পরিচালক ধ্রুব ব্যানার্জির কথায়, “গুপ্তধন সিরিজ আমার খুব প্রিয়। প্রতাপাদিত্যের গুপ্তধনের গল্প এবং সুন্দরবনের রহস্য এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে।” পয়লা বৈশাখে টিজার প্রকাশ হওয়ায় খুশি তিনি।
এই ছবিতে আবারও ‘সুবর্ণ সেন’ তথা সোনাদা চরিত্রে দেখা যাবে অবির চ্যাটার্জি। তাঁর সঙ্গে থাকছেন ‘ঝিনুক' ও 'আবির' হিসেবে ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা কৌশিক গাঙ্গুলি। এর আগে সোনাদার গল্পে তাঁকে দেখা যায়নি। তবে এবার যে কৌশিক গাঙ্গুলির চরিত্রটি এই রহস্যময় অভিযানে সামিল হতে চলেছেন তা বলাই যায়। কিন্তু অভিনেতাকে গল্পে ইতিবাচক না নেতিবাচক চরিত্রে দেখা যাবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। বরাবরের মতো এবারও ছবির পরিচালকের আসনে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সপ্তডিঙার গুপ্তধন’। আপাতত একমাসের অপেক্ষা, বড়পর্দায় এই সিরিজের ছবি দর্শকের মনে কতটা জায়গা করে নেয়, সেটাই দেখার।
















