সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তর 'আখরি সাওয়াল'। ৬৬ বছরেও অভিনেতা দর্শকের মনে একইভাবে জায়গা করে আছেন। তবে ২০২০ সালের আগস্ট মাসে তাঁর স্টেজ-৪ ফুসফুসের ক্যানসার ধরা পড়েছিল। সেই সময় হঠাৎ শ্বাসকষ্ট এবং ফুসফুসে জল জমার কারণে হাসপাতালে ভর্তি হলে অনুরাগীদের মনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তবে এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে মুম্বইয়ের একটি হাসপাতালে দেশের সেরা ক্যানসার বিশেষজ্ঞদের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। সফল ও কঠোর চিকিৎসা শেষে সেই বছরের অক্টোবরেই ক্যানসার-মুক্ত হন এই অভিনেতা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাঁর পরিবার।

জানা গিয়েছে, ২০২০ সালের আগস্টে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ৫ বছরের একটি মেডিকেল ভিসা পেয়েছিলেন সঞ্জয় দত্ত। নিউ ইয়র্কের বিখ্যাত 'মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার' থেকে দ্বিতীয়বার চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য তিনি এই ভিসা পান। উল্লেখ্য, আশির দশকের শুরুতে সঞ্জয় দত্তের মা, কিংবদন্তি অভিনেত্রী নার্গিসকেও ক্যানসারের চিকিৎসার জন্য এই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল।

ক্যানসার জয়ের পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি বছর আমেরিকায় যান সঞ্জয় দত্ত। বলিপাড়ার অন্দরের গুঞ্জন, গত সপ্তাহেও তিনি একাই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে তাঁর ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে রয়েছেন তিনি। প্রথমবার নিউ ইয়র্কের চিকিৎসকদের পরামর্শ নিলেও, এবার তিনি ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞদেরও মতামত নিয়েছেন বলে জানা গিয়েছে।

অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে বলেছেন, “সঞ্জুর পুরো আমেরিকা সফরের পরিকল্পনা এখনও জানা যায়নি। লস অ্যাঞ্জেলেস থেকে তিনি আমেরিকার পূর্ব উপকূলেও যেতে পারেন। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এটুকুই বলা যায় যে তিনি সম্পূর্ণ ভাল আছেন। গত কয়েক বছর ধরে রুটিন চেক-আপের জন্য তিনি নিয়মিত আমেরিকায় আসছেন, এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি।”