মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার আবহে নিজের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন হানি সিং। দুবাই থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, তিনি এখন সেখানে নিরাপদে আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন।

হানি সিং, যার আসল নাম হিরদেশ সিং, স্টুডিও থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “বন্ধুরা, দুবাইয়ে আমরা সবাই ঠিক আছি। কাজও করছি।” হানির সংক্ষিপ্ত এই বার্তাতেই ভক্তদের উদ্দেশে স্পষ্ট আশ্বাস—পরিস্থিতি উত্তপ্ত হলেও তিনি সুরক্ষিত।

 

এই আশ্বাসের পটভূমিতে রয়েছে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি। সোমবার লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে ইজরায়েলি যুদ্ধবিমান ব্যাপক বিমান হামলা চালায় বলে স্থানীয় টেলিভিশন চ্যানেল আল-জাদিদ জানায়। হামলার লক্ষ্য ছিল দাহিয়েহ অঞ্চল, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর কয়েক ঘণ্টা আগে লেবাননের দিক থেকে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। হামলার পর আতঙ্কে বহু বাসিন্দা ঘর ছেড়ে বেরিয়ে যান, আহতদের উদ্ধারে ছুটে যায় অ্যাম্বুল্যান্স। তাৎক্ষণিকভাবে হতাহতের সরকারি পরিসংখ্যান মেলেনি।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, ইরানের উপর যৌথ ইজরায়েল-আমেরিকা অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তারা ইজরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

এহেন পরিস্থিতির জেরে উপসাগরীয় অঞ্চলেও সতর্কতা জারি রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) ইরানকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় দেশগুলির বিরুদ্ধে ইরানের আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং তেহরানকে আরও বিচ্ছিন্ন করে তুলেছে। আবু ধাবি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে। দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দু’জন আহত হয়েছেন বলেও খবর।

এই প্রেক্ষাপটেই হানি সিংয়ের বার্তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। অশান্তির আবহে আন্তর্জাতিক সফরে থাকা দেশের তারকাদের নিয়ে ভক্তদের উদ্বেগ নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেও মেক্সিকোয় কার্টেল সংক্রান্ত ব্যাপক সমস্যার সময় সেখান থেকে নিজের নিরাপত্তার কথা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। তখনও লিখেছিলেন, তিনি নিরাপদে আছেন এবং দেশে ফিরছেন।

 

 

এবারও সেই একই সুর, উদ্বেগের মধ্যেও স্থিরতা। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়লেও, দুবাইয়ের স্টুডিওতে কাজ চালিয়ে যাচ্ছেন হানি সিং। ভক্তদের কাছে আপাতত এটাই স্বস্তির খবর।