বিয়ের ২৩ বছর পর নিজের অতীত নিয়ে এমন অকপট স্বীকারোক্তি খুব কম তারকাই করেন। কিন্তু রাম কাপুর করলেন। জানালেন, এক সময় তিনি ছিলেন 'প্লেবয়'। শুধু তাই নয়, বিয়ের আগে তাঁর জীবনে কতগুলো প্রেম এসেছিল, সেই সংখ্যাও নাকি তাঁর নিজের জানা নেই!

'লক আপ: সচ ইয়া সাজা'-র সাম্প্রতিক পর্বে শ্রেয়া কালরা রামকে প্রশ্ন করেন, "কতগুলো অ্যাফেয়ার ছিল?" রাম প্রথমে হেসে বলেন, "বিয়ের পর? একটাও নয়।" এরপর বিয়ের আগের কথা উঠতেই নির্দ্বিধায় স্বীকার করেন, "আমি প্লেবয় ছিলাম। আমার কতগুলো অ্যাফেয়ার ছিল, গুনে বলা সম্ভব নয়।"

তবে আসল চমক আসে এরপরই।

রাম জানান, তাঁর এবং গৌতমী কাপুরের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই একতা কাপুর নাকি নিজে ফোন করেছিলেন গৌতমীকে। উদ্দেশ্য একটাই—বন্ধুকে সতর্ক করা!

রামের কথায়, "একতা গৌতমীকে বলেছিল, 'তুই সত্যিই ওকে বিয়ে করছিস? ওর কিন্তু অনেক অ্যাফেয়ার ছিল।' ও গৌতমীর জন্য চিন্তিত ছিল। আর সত্যি বলতে, একতা ভুল কিছু বলেনি। তখন আমি ঠিক তেমনই ছিলাম।"

২০০০ সালে 'ঘর এক মন্দির' ধারাবাহিকের সেটে প্রথম আলাপ রাম ও গৌতমীর। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর লিভ-ইন। অবশেষে ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি চার হাত এক হয়। এখন তাঁদের সুখের সংসারে দুই সন্তান—সিয়া ও আক্স। সামাজিক মাধ্যমে তাঁদের মজার রিলস ও খুনসুটি বরাবরই অনুরাগীদের নজর কেড়ে নেয়।

প্রসঙ্গত, ফারাহ খান ও রিতেশ দেশমুখ সঞ্চালিত 'লক আপ: সচ ইয়া সাজা'-র এই সিজন ইতিমধ্যেই জমে উঠেছে। সম্প্রতি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছেন শিল্পা শিন্ডে। তাঁর আগমনেই শো-র সমীকরণে নতুন মোড় এসেছে।