সোনম ওয়াংচুকের অনশন ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসছে। রাজনীতি সহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা সোনমের পাশে দাঁড়িয়েছেন। এবার যন্তর মন্তরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন রাখি সাওয়ান্ত।
রাখি জানিয়েছেন, সুযোগ পেলে দিল্লির যন্তর মন্তরে গিয়ে নিজের হাতে সোনম ওয়াংচুককে খাবার খাইয়ে তাঁর অনশন ভাঙানোর চেষ্টা করবেন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় 'ড্রামা কুইন' বলেন, “সোনমজি, আপনি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমরা চাই না আপনার কোনও ক্ষতি হোক। দয়া করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আমি যন্তর মন্তরে এসে আপনাকে নিজের হাতে খাবার খাওয়াতে চাই।”
রাখির এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এটিকে শুধুই প্রচারের কৌশল বলেও মন্তব্য করেছেন। তবে রাখি স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও প্রচারের জন্য নয়, মানবিক কারণেই এই আবেদন করছেন।
উল্লেখ্য, নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘ককরোচ’ দল। প্রথম থেকেই এই আন্দোলনে পাশে থাকার বার্তা দেন সোনম। পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় গত ২৮ জুন থেকে তাঁর এই অনশন শুরু করেন সোনম। আন্দোলনকারীদের দাবি, অনশনের কারণে সোনমের ওজন অনেকটাই কমে গিয়েছে এবং শরীরও দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে।
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, দেশের জন্য সোনম ওয়াংচুকের মতো মানুষের প্রয়োজন রয়েছে, তাই তাঁর সুস্থ থাকা অত্যন্ত জরুরি। অভিনেত্রী স্বরা ভাস্করও যন্তর মন্তরে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন এবং তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
এছাড়া ‘থ্রি ইডিয়টস’ ছবির অভিনেতা ওমি বৈদ্যও একটি ভিডিও বার্তায় ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, আমির খানের অভিনীত ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত হয়েছিল। তাই এমন একজন মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ুক, তা তিনি চান না।
এদিকে সোনম ওয়াংচুক এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর সমর্থকরা যেমন আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে, তেমনই বিভিন্ন মহল থেকে তাঁর জীবন ও স্বাস্থ্যের কথা ভেবে অনশন শেষ করার আবেদনও জানানো হচ্ছে।
















