ভারতের ওটিটি ইতিহাসের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ী অভিনীত এই স্পাই-থ্রিলার সিরিজের প্রতিটি সিজনই দর্শকদের নখ কামড়ানো উত্তেজনা উপহার দিয়েছে। গত ২০২৫ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল এই সিরিজের ‘সিজন ৩’। কিন্তু সেই সিজনের শেষটা যেভাবে অনেকগুলো প্রশ্ন এবং অমীমাংসিত গল্প রেখে শেষ হয়েছিল, তা নিয়ে দর্শকদের মনে তীব্র কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সিরিজের আগামী অধ্যায় অর্থাৎ ‘সিজন ৪’ নিয়ে এক মস্ত বড় আপডেট দিলেন শো-এর অন্যতম পরিচালক রাজ নিদিমোরু।

এক সাক্ষাৎকারে রাজ খোলসা করেছেন যে, সিজন ৩-এর ওই অসমাপ্ত সমাপ্তিটা আসলে ওদের একটা মাস্টারপ্ল্যান ছিল!

দর্শকদের মনে জমে থাকা ক্ষোভ ও কৌতূহলের জবাব দিয়ে পরিচালক রাজ নিডিমোরু বলেন, “আমরা সবসময়ই সিজন ৩ এবং ৪-কে একটা বড় গল্প হিসেবে পরিকল্পনা করেছিলাম। অনেক দর্শকের মনে হয়েছে সিজন ৩ মাঝপথে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ভাবনায় মূল গল্পটা একটা ঠিকঠাক, যুক্তিপূর্ণ জায়গায় পৌঁছেছিল। শুধুমাত্র শ্রীকান্ত তিওয়ারির জার্নিটাই অসমাপ্ত ছিল, কারণ সেটা স্বাভাবিক নিয়মেই পরবর্তী সিজনে যাওয়ার কথা। তাই হ্যাঁ, আমরা এখন দিন-রাত এক করে মারাত্মক গতিতে চিত্রনাট্য লিখছি। আমাদের ওই গল্পের দ্বিতীয় পার্টটা দ্রুত দর্শকদের সামনে নিয়ে আসতে হবে।”

এর আগে এক সাক্ষাৎকারে স্বয়ং মনোজ বাজপেয়ীও সিরিজের অগ্রগতি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজ এবং ডিকে (এই মুহূর্তে ওদের অন্য আরেকটি ব্লকবাস্টার সিরিজ ‘ফর্জি’ -র নতুন সিজনের শুটিং নিয়ে ব্যস্ত। মনোজ বলেন— “ওরা ফর্জি-র শুটিং শেষ করেই সরাসরি ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নতুন সিজনে ডুব দেবে। আপাতত স্ক্রিপ্টের শেষ ড্রাফট বা চূড়ান্ত রূপ দেওয়ার কাজ বাকি, সেটা হয়ে গেলেই ওরা আমাদের থেকে শুটিংয়ের ডেট নেওয়া শুরু করবে।”

২০২৫-এর শেষে মুক্তি পাওয়া ‘সিজন ৩’-এর প্রেক্ষাপট ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল । যেখানে ভারতের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে চলা ‘প্রজেক্ট সহকার’-এর মতো এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রান্তের মুখোমুখি হতে হয়েছিল ‘শ্রীকান্ত তিওয়ারি’কে। ওঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পাশাপাশি এই সিজনে প্রধান খলনায়ক ‘রুকমা’র চরিত্রে জয়দীপ আহলাওয়াত-এর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এছাড়া ‘ফর্জি’ সিরিজের বিজয় সেতুপতির ‘মাইকেল বেদনায়গম’ চরিত্রটির স্পেশাল ক্যামিও মার্ভেলের মতো এক ‘রাজ অ্যান্ড ডিকে ইউনিভার্স’ তৈরির ইঙ্গিত দিয়েছিল। ২০১৯ সালে শুরু হওয়া এই সিরিজটি গুপ্তচরবৃত্তি, ভূ-রাজনীতি, নিখাদ রসবোধ এবং মধ্যবিত্ত পারিবারিক ড্রামার এক অনবদ্য ককটেল। এখন দেখার, সিজন ৪-এ এজেন্ট শ্রীকান্ত তিওয়ারি ওঁর অসমাপ্ত মিশন কীভাবে শেষ করেন।