সদ্যই মুক্তি পেয়েছে মন মানে না। ভ্যালেন্টাইন্স ডে'র ঠিক আগের দিন বড়পর্দায় এসেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। তারপর থেকেই নানা নেতিবাচক মন্তব্য ছবিটিকে ঘিরে সমাজমাধ্যমে দেখা যাচ্ছে। রাহুল মুখোপাধ্যায় কিছুদিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান মন মানে না মুক্তি পাওয়ার পর থেকেই একটি ছায়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে তাঁদের। এমনকী ভুয়ো প্রোফাইল থেকে নায়িকা হিয়া চট্টোপাধ্যায়কে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণও নাকি করা হচ্ছে। তবে এসবের মাঝেই সুখবর দিলেন পরিচালক। 

 

সমাজমাধ্যমেই জানালেন ছবি দেখে হল থেকে বেরিয়ে আবেগে ভাসছেন দর্শক। সেই ঝলক তুলেও ধরলেন তিনি। দেখা যাচ্ছে, এক অনুরাগী হল থেকে বেরিয়ে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না‌। সৌম্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ওই মহিলা ভক্ত। নিজেকে সামলে জানালেন, খুব ভাল হয়েছে ছবি। মঙ্গলবার নন্দনে হল ভিজিটে গিয়েছিল 'মন মানে না' টিম। সেখানেই ঘটে এই আবেগঘন ঘটনা। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে টুকরো ছবি, ভিডিও ভাগ করে রাহুল লেখেন, 'যে যা-ই বলুক না কেন, আমরা ভালোবাসার ছবি বানিয়েছি, তাই শুধু ভালোবাসাই ছড়াতে চাই। আজ মঙ্গলবার দুপুর ১:১৫-এর সময় ও শত ব্যস্ততার মধ্যে যে ১৬২ জন এসেছিলেন, তাঁদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ। যদিও পরিসংখ্যান দিয়ে বিচার হয় না, ভালোবাসা দিয়ে হয়। মানুষের আবেগ, আনন্দ আর চোখের জলই আমাদের আরও ছবি বানাতে উদ্বুদ্ধ করে। তাই আবারও বলছি বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে না, সিটে বসে দেখুন। ভালো খারাপ যেরকম লাগছে বলুন। আবারও দেখা হচ্ছে, অন্য কোনো দিন, অন্য সিনেমা হলে।

পুনশ্চ: আমাদের ইন্ডাস্ট্রির প্রিয় দিদি ও দাদাকে অনুরোধ তুমি ভালো হয়ে ওঠো। সুস্থ থেকো। ভালোবাসায় থেকো। এত টক্সিসিটি শরীরের পক্ষে ভালো নয়।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

 

 

 

কিছুদিন আগেও ট্রোলারদের একহাত নিয়েছিলেন রাহুল। সমাজমাধ্যমকে হাতিয়ার করে লিখেছিলেন, 'কেউ নিজে থেকে ভাল রিভিউ লিখলে তাকেও গালাগালি করা হচ্ছে। লেখা হচ্ছে এটা পেইড রিভিউ। যদিও, রিভিউয়ারদের পয়সা দেওয়া বা কর্পোরেট বুকিং করার মতো অভিপ্রায় বা সামর্থ্য কোনোটাই আমাদের নেই। আমরা তো কোনও বড় কেউকেটা নই। তাই আমাদের ছবির বিরুদ্ধে ট্রোল আর্মি নামিয়ে বা নেগেটিভ ক্যাম্পেইন করে আমাদের এতটা গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু একটা সত্যি কথা বলব? খারাপ ছবি বানালে দর্শক এমনিই মুখ ফিরিয়ে নেবে। তাই ছবির ভাল খারাপ নিয়ে কথাটা হোক। সিনেমা ভাল না লাগলে অবশ্যই জানান। কিন্তু ছবিটা আগে দেখে তারপর। আর যারা ভাল রিভিউ দিচ্ছে বা লিখছে, তাদের হুমকি দেওয়া তা রীতিমতো ছেলেমানুষি।' (এক্ষেত্রেও পোস্টের বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

 

 

প্রসঙ্গত, 'মন মানে না' ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায় ও ঋত্বিক ভৌমিক। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ। এটি একটি আদ্যোপান্ত রোমান্টিক ঘরানার ছবি।