সম্প্রতি, প্রাক্তন 'দিদি নং ওয়ান' রচনা ব্যানার্জির নানা মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে জোর চর্চা চলছে। এবার প্রকাশ্যে তাঁর ব্যক্তিগত জীবন। যদিও তিনি তাঁর সংসার বা দাম্পত্য জীবন নিয়ে তিনি নিজেই বেশ কয়েকবার খোলাখুলি কথা বলেছেন। ‘অপুর সংসার’ নামের এক রিয়্যালিটি শো-এর অতিথি হিসেবে এসে রচনা নিজেই নিজের সংসার জীবনকে ‘শূন্য’ নম্বর দিয়েছিলেন।

কেন এমন কথা বলেছিলেন তিনি? রচনার মতে, একজন আদর্শ গৃহিণী বা স্ত্রী হওয়ার জন্য যে ধৈর্য ও গুণের প্রয়োজন হয়, তাঁর মধ্যে সেটার অভাব রয়েছে। তাঁর আক্ষেপ ছিল, অভিনয় জগতের মানুষের জীবনধারা সাধারণ জীবন থেকে অনেকটাই আলাদা। তাই অভিনয় জগতের কাউকে বিয়ে করা বা এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া উচিত, যিনি এই পেশার জটিলতা ও ব্যস্ততাকে বুঝতে পারবেন।

ওড়িয়া ছবির সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে রচনার বিয়ে হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। মাত্র মাসখানেকের মধ্যেই তা ভেঙে যায়। জানা যায়, সিদ্ধান্তের পরিবার এই সম্পর্কটি সহজভাবে মেনে নিতে পারেনি, যার ফলে সংসার সেভাবে গড়ে ওঠেনি। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় এবং এরপরই রচনা ওড়িয়া ইন্ডাস্ট্রি ছেড়ে চলে আসেন।

এরপর ২০০৭ সালে রচনা প্রবাল বসুর সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। তবে এই দাম্পত্য জীবনেও নানা সময়ে দূরত্ব ও মনোমালিন্য তৈরি হয়েছে। রচনার কেরিয়ার এবং জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে একসময় তাঁদের আলাদা থাকতেও হয়েছে। তবে এত কিছুর পরেও তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেননি। তাঁদের ছেলের জন্যই বিয়ে ভাঙেননি, তবে আজও দু'জনে আলাদাই থাকেন।