যন্তর মন্তরে চলা প্রতিবাদ নিয়ে উত্তাল দেশ। নিট প্রশ্ন পত্র ফাঁসের পর দিল্লিতে প্রতিবাদে বসেছিল ককরোচ জনতা পার্টি। দাবি উঠেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। ইতিমধ্যেই বলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রীরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। তবে এফটিআইআইয়ের চেয়ারম্যান আর মাধবন গোটা বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। আর সেই কারণেই উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হল অভিনেতাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আর মাধবনের এফটিআইআইয়ের কেবিনের দরজায় একাধিক পোস্টার পড়েছে। কখনও বিখ্যাত 'গায়েব' মিমের পোস্টার টাঙানো হয়েছে, কখনও আবার তাতে লেখা থাকতে দেখা গিয়েছে, 'নিট ফর সেল।' ছাত্র, ছাত্রীরা চাইছেন এই প্রতিবাদের পাশে দাঁড়ান অভিনেতা। নিজের প্রতিক্রিয়া দিন। কিন্তু তিনি চুপ করে আছেন বলেই তাঁর উপর ক্ষুব্ধ এফটিআইআইয়ের ছাত্ররা।
প্রসঙ্গত, আর মাধবন নিজেই অতীতে এমন একাধিক ছবি করেছেন, যেখানে সরকার, সমাজের বিরুদ্ধে আওয়াজ তুলতে, প্রতিবাদ করতে দেখা গিয়েছে। তালিকায় রয়েছে 'রং দে বসন্তী', 'থ্রি ইডিয়টস', 'কেশরী চ্যাপ্টার ২', ইত্যাদি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কেবল ছাত্র, ছাত্রীরাই যে যন্তর মন্তরের প্রতিবাদের বিষয়ে আর মাধবনের চুপ থাকা নিয়ে বিরক্ত সেটাই নন, ক্ষুব্ধ তাঁর সহকর্মীরাও। এদিন এই পোস্টে লাইক করেন অভয় ভার্মা। বুঝিয়ে দেন তিনিও সমর্থন করছেন ছাত্রদের এই রাগকে। অন্যদিকে টলিউড, বলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম মজুমদার মন্তব্য করেন এই পোস্টে। লেখেন, 'এটাই প্রত্যাশিত ছিল।'
















