'মনের মানুষ' বলুন বা 'গুমনামী', 'জাতিস্মর' হোক বা 'জুবিলি' কিংবা এখন 'অভিমান', প্রতিটি ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি তাঁর পোশাক এবং লুকসের জন্যও নজর কেড়েছেন। এই ফারাকগুলো কি তিনি জেনে বুঝেই রাখেন? এই বিষয়ে আজকাল ডট ইনের কাছে কী জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? 

'অভিমান' ছবি সহ অন্যান্য ছবির লুকসের বিষয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "যে সময়ে আমি একটি ছবি করি তার তিন চার মাস আগে থেকে আমি অন্য কোনও কাজ করি না। এর ক্ষেত্রেও তাই। নইলে আমি এতটা বড় চুল, দাড়ি রাখতে পারতাম না। সত্যি বলতে এই ছবিতে আমার দাড়িটা রাখা দরকার ছিল, একটু বয়স বলে। দুটো সময় আছে এই ছবিটায়। অভিমানের জন্য আমি একটি ভাল ছবি করিনি। করতে পারলাম না, কারণ সেখানে দাড়িটা কাটা খুব দরকার ছিল।" এই বিষয়ে তাঁর আরও সংযোজন, "অনেক আগে থেকে আমি প্রস্তুতি নিই। কস্টিউমের ব্যাপারেও আমি খুব খুঁতখুঁতে। গোটা বিষয়ে আমার ইনভলভমেন্ট একদম ডিটেলে থাকে। আমি একটু খুঁতখুঁত করি। তাতে ওরা হয়তো রেগে যায়। কিন্তু শেষে যখন ওরাও দেখে বোঝে যে কেন বুম্বাদা এসব বলেছিল।" 

'অভিমান' ছবিটিতে রূপম ইসলামকে 'নকল' করেছেন প্রসেনজিৎ! হ্যাঁ, তেমনটাই তিনি জানিয়েছেন। ইন্ডাস্ট্রির কথায়, "এই ছবিটা যখন আমি ফাইনাল করি তার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, কারণ গল্পটা আমাকে অনেক আগে থেকেই শোনানো হয়েছিল। প্রস্তুতি লুকসের উপর নিয়েছি, এছাড়া শরীরী ভাষা, এনার্জি লেভেলের উপরেও কাজ করেছি। কারণ আমি বুঝেছিলাম, এমআই একটা আধুনিক, রকস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছি, যা আমি আগে কখনও করিনি। গায়ক করেছি কিছু ছবিতে। কিন্তু এটা একটা পিরিয়ড।" তাঁর আরও সংযোজন, "এই পিরিয়ডে আমরা ছোটবেলায় দেখেছি রঞ্জনদাকে (রঞ্জন ঘোষাল)। স্টেজে দাঁড়ালে বাঘের মতো। এখন অবশ্যই রূপম (রূপম ইসলাম)। আমি রূপমকে বলেওছিলাম, আমি কিন্তু তোমায় কপি করছি হ্যাঁ? ওর এনার্জি লেভেল স্টেজে ফ্যাবুলাস।" 

চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি,অরিজিতা মুখার্জি, প্রমুখকে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'।