স্টার জলসার ধারাবাহিক 'প্রতিজ্ঞা' শুরু থেকেই দর্শকের মন জয় করেছে। গল্পের শুরুতে দেখানো হয়েছিল ছুটি ও তার মা এক দুর্ঘটনায় হারিয়ে যায়। মায়ের থেকে আলাদা হয়ে যায় ছোট্ট ছুটি। তাই অনাথ আশ্রমেই তার বেড়ে ওঠা। এদিকে, ছুটির মা এখনও নিখোঁজ। সে জীবিত না মৃত, তা এখনও পর্যন্ত জানে না তার বাড়ির লোক। এবার গল্পে আসছে এক নতুন টুইস্ট।

গল্পের নতুন মোড়ে দেখা যাবে ফিরে আসবে বিপাশা, অর্থাৎ ছুটির মা। এই চরিত্রে দর্শক দেখছেন অভিনেত্রী অমৃতা মুখার্জিকে। গল্প অনুযায়ী ছুটির কাছে ফিরবে তার মা। ছুটিকে কি চিনতে পারবে সে? গল্পের নতুন মোড়ে কোন চমক অপেক্ষা করছে? 

ইতিমধ্যেই 'প্রতিজ্ঞা'র গল্প জমে উঠেছে। মেগায় বারবার ঝুমকির চাল বানচাল হয়। আর তাই সে আরও রেগে যায় অভি ও ছুটির উপরে। এবারও তার চক্রান্তে নাজেহাল অবস্থা হতে বসেছিল ছুটির। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ঠাম্মি ঝুমকির কথায় ঠাকুর মশাইকে বাড়িতে ডেকে পাঠায়। ঠাকুরমশাই বিধান দেয় যে এখন থেকে ছুটি ও অভি আলাদা থাকবে।

ঠাম্মি জানায়, তারা দু'জন যদি একসঙ্গে থাকে, তাহলে নাকি ঘোর অমঙ্গল হবে। ঠাম্মি ও ঠাকুর মশাইয়ের বিধান মেনে নেয় ছুটি। এর মধ্যেই ঝুমকি কায়দা করে কলার খোসা মেঝেতে ফেলে দেয়। যাতে ছুটি পড়ে যায় ও তার পা মচকে যায়। কিন্তু ছুটি স্লিপ করতেই সে পড়ে যাওয়ার আগে অভিকে ধরে ফেলে। আর তখনই ঘটে চরম কাণ্ড। অজান্তেই অভির গালে ঠোঁট ছুঁয়ে যায় ছুটির। ঝুমকির চাল তো বানচাল হয়ই। এদিকে, দূরে থাকার বদলে আরও কাছাকাছি চলে আসে অভি-ছুটি।

এই প্রোমো দেখে দারুণ খুশি দর্শক। ছুটি-অভির রোম্যান্স দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এতদিন। এবার প্রোমো আসতেই দারুণ উত্তেজিত মেগার অনুরাগীরা। আগামীতে কী হয়, এখন সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন তাঁরা।