নিট-এর প্রশ্নফাঁস কাণ্ডে সরব হলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষাণ। দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে যখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি দাবি করেছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনওভাবেই ছেলেখেলা বরদাস্ত করা হবে না।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে রবি কিষাণ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এই মামলায় দেশের সেরা আইনজীবীদের নিয়োগ করে অভিযুক্তদের এমন শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অপরাধ করার সাহস না পান। তাঁর মতে, সামান্য অর্থের লোভে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবন ও স্বপ্ন নষ্ট করা অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।
রবি কিষাণ আরও বলেন, "দেশের যুবসমাজই ভারতের ভবিষ্যৎ। তাই তাদের স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশ্নফাঁসের মতো ঘটনা শুধু একটি পরীক্ষা নয়, গোটা শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপর আঘাত হানে। সেই কারণেই কেন্দ্র সরকার এই বিষয়ে কোনওরকম আপস করতে রাজি নয়।" দাবি রবি কিষাণের।
উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বিশেষ করে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-সহ একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে বহু ছাত্রছাত্রী রাস্তায় নেমেছেন। এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও উঠেছে। আন্দোলনের জেরে দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ, পুলিশি হস্তক্ষেপ এবং রাজনৈতিক চাপানউতর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি এনডিএ-র বৈঠকে প্রশ্নফাঁসকে একটি জাতীয় সমস্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করা সবচেয়ে বড় অগ্রাধিকার এবং কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের সমন্বিত উদ্যোগেই এই ধরনের অপরাধ দমন করা সম্ভব। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
এদিকে বিরোধী দলগুলিও এই ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছে। তাঁদের অভিযোগ, শুধু আশ্বাস নয়, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে বাস্তব পদক্ষেপ করা জরুরি। অন্যদিকে বিজেপির দাবি, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে রাজনৈতিক বিতর্ক যতই তীব্র হোক না কেন, দেশের কোটি কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
















