রাজনীতিতে বদল আসতেই তোলপাড় টলিউড। টলিউডে স্ক্রিনিং কমিটি নিয়ে আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিবেশকরা। তবে মিটিংয়ে নারাজ ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। আগামী দিনে কীভাবে চলবে স্ক্রিনিং কমিটি, কোন ক্যালেন্ডার অনুযায়ী মুক্তি পাবে ছবি, সেই নিয়েই আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তিত্ব। এখানেই বাধ সাধছেন পিয়া।

খবর, ইম্পার অফিসে নাকি ভাঙচুর হচ্ছে। তবে এরকম কিছুই ঘটেনি বলে আজকাল ডট ইন-কে জানিয়েছেন এসএসআর সিনেমাজের কর্ণধার ও পরিবেশক শতদীপ সাহা। তাঁর কথায়, "আগামী দিনে কীভাবে এগোবে সবকিছু সেটা নিয়েই আলোচনা করতে চাই আমরা। কিন্তু পিয়াদি মিটিং করতে চাইছেন না। কিছুই জানাচ্ছেন না আমাদের। এটা তো সব জায়গায় আলোচনা হচ্ছে। আমরা তো জানিই না স্ক্রিনিং কমিটি থাকবে কিনা! মিটিং না করলে কী করে হবে? এদিকে, মহিলা হিসেবে অ্যাডভান্টেজ নিয়ে উনি দাবি করছেন যে ওনার উপরে হামলা করা হচ্ছে। অথচ আলোচনা করতে চাওয়া ছাড়া আর কিছুই দাবি নেই আমাদের, এটা তো আমাদের অধিকার। আসলে মিটিং ডাকলে সব মেম্বাররা ওনাকে পদত্যাগ করতে বলবেন, সেই জন্যই এমন করছেন।"

এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পিয়া সেনগুপ্তর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। ইম্পা সভাপতি ফোন ধরে তড়িঘড়ি বুঝিয়ে দেন তিনি ব্যস্ত, এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই।

প্রসঙ্গত, বঙ্গে রাজনৈতিক পরিবর্তনের আবহে যেন আসার আলো দেখছেন এসএসআর সিনেমাজের কর্ণধার ও পরিবেশক শতদীপ সাহা। ৪মে ভোটের রেজাল্টের পর সমাজমাধ্যমে গেরুয়া ব্যাকগ্রাউন্ডের পোস্টে শতদীপ লিখেছিলেন, 'এবার থেকে নন্দনে সব বাংলা সিনেমা চালানো হোক!! আর তারপর প্রোডিউসারদের এক মাসের মধ্যে তাদের টাকা দেওয়া হোক‌।' 

শতদীপের পোস্টে কমেন্টর ঝড় বয়ে গিয়েছে। তাঁকে সমর্থন করে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।