দিল্লির উত্তপ্ত রাজপথ এখন কার্যত রণক্ষেত্র। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-কে কেন্দ্র করে পড়ুয়া ও পরীক্ষার্থীদের আন্দোলন রূপ নিয়েছে এক নজিরবিহীন সংঘাতের। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে—শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানো আন্দোলনকারীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল বর্ষণ এবং পুলিশের ব্যাপক লাঠিচার্জ! এই দৃশ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে চরম গণবিক্ষোভ ও ক্ষোভের আগুন।
সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় মুখ খুলেছেন বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। বলিউডের প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে একটি অত্যন্ত কড়া ও আবেগঘন পোস্ট করে পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
ক্ষোভ প্রকাশ করে অনুরাগ লেখেন,"পুলিশের উর্দি পরার জন্য নিজের আত্মা, আত্মসম্মান—সব বিক্রি করে দিতে হয়, তা জানা ছিল না। এই দেশে কি এমন একজনও পুলিশ কর্মী নেই, যিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলতে পারেন—আইনবিরোধী ও ভুল আদেশের পালন আমি করব না!"
?utm_source=ig_web_button_share_sheet
যদিও অনুরাগের এই বার্তায় সরাসরি কোনও দলের নাম ছিল না, তবে সোচ্চার এই বার্তা যে দিল্লির রাজপথে রক্তাক্ত নিট আন্দোলনকারীদের ওপর হওয়া পদক্ষেপকেই উদ্দেশ্য করে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এদিকে রণক্ষেত্রের চেহারা নেওয়া এই ঘটনা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে দিল্লি পুলিশ। এক সরকারি বিবৃতিতে পুলিশ দাবি করেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলনকারীরা বেআইনিভাবে জমায়েত করেছিল এবং বারবার নিষেধ করা সত্ত্বেও ছত্রভঙ্গ হতে অস্বীকার করে।
পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে, সরকারি ও বেসরকারি যানবাহন ভাঙচুর করে এবং ব্যারিকেড ভেঙে এলাকা দখলের চেষ্টা চালায়। এই সংঘর্ষে যৌথ কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার একাধিক শীর্ষ আধিকারিক এবং নারী পুলিশকর্মীসহ ১১৮ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে, সংঘর্ষের জেরে প্রায় ৬০ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে পুলিশের দাবি। সবার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া বর্তমানে চলছে।
রাজনৈতিক উত্তাপের পারদ যখন চরম শিখরে, ঠিক তখনই আন্দোলনকারী দল ককরোচ জনতা পার্টি (CJP)-র একটি প্রতিনিধি দল ২০ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দরবার করে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানালেও নিজের দাবিতে অনড় সিজিপি।
দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানান, তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনটি মূল দাবি পেশ করেছেন:
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ।
নিট বিতর্কের জেরে প্রাণ হারানো ২০ জনেরও বেশি পরীক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ।
হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দেওয়া।
এখন দেখার, রাজপথের এই লড়াই এবং অনুরাগ কাশ্যপের মতো ব্যক্তিত্বদের তীব্র প্রতিবাদের পর কেন্দ্রীয় সরকার এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। নিট কান্ডে দিল্লির এই অগ্নিগর্ভ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর গোটা দেশের।
















