অক্ষয়ের লম্বা ছবি!
'ভূত বাংলা' সেই চেনা ছক ভাঙতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ছবিটির দৈর্ঘ্য হতে চলেছে প্রায় ২ ঘণ্টা ৫০ মিনিট। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি'-র পর এটিই হতে চলেছে অক্ষয় কুমারের দীর্ঘতম ছবি। গত কয়েক বছরে অক্ষয় কুমারের বেশিরভাগ ছবিই ছিল তুলনামূলকভাবে ছোট এবং দ্রুতগতির। তবে 'ভূত বাংলা'-র ক্ষেত্রে পরিচালক প্রিয়দর্শন একটি বড় ক্যানভাস বেছে নিয়েছেন। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, হরর এবং কমেডির ককটেলকে আরও গভীর ও আকর্ষণীয় করে তুলতেই এই দীর্ঘ রানটাইমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির গল্পে একাধিক স্তর এবং রহস্য থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে। 'হেরা ফেরি' বা 'ভুল ভুলাইয়া'-র মতো ব্লকবাস্টার উপহার দেওয়া অক্ষয়-প্রিয়দর্শন জুটি আবারও একসঙ্গে কাজ করছেন। বলিউডে বর্তমানে হরর-কমেডি ঘরানার যে জয়জয়কার চলছে যেমন 'স্ত্রী ২' বা 'মুঞ্জ্যা', সেই ট্রেন্ডকে মাথায় রেখেই 'ভূত বাংলা'-কে তৈরি করা হয়েছে। ২ ঘণ্টা ৫০ মিনিটের এই সফর দর্শকদের কতটা প্রেক্ষাগৃহে ধরে রাখতে পারে, এখন সেটাই দেখার।
জুটিতে সুনীল-টাইগার
অ্যাকশন ঘরানার সিনেমায় নতুন মাইলফলক তৈরি করতে কোমর বাঁধছেন সুনীল শেট্টি। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর পর তাঁর পরবর্তী বড় প্রজেক্ট হতে চলেছে 'হিটম্যান'। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের অন্যতম সফল অ্যাকশন হিরো টাইগার শ্রফ।
কেরিয়ারের এই পর্যায়ে এসে সুনীল শেঠি অত্যন্ত বেছে বেছে কাজ করছেন। একদিকে যেমন 'ভারত কে সুপার ফাউন্ডার্স'-এর মতো অর্থবহ কাজ করছেন, তেমনই 'হিটম্যান'-এর মতো স্টাইলিশ এবং হাই-অ্যাড্রেনালিন প্রজেক্টেও মন দিয়েছেন তিনি। এই ছবিতে টাইগারের ক্ষিপ্রতা এবং পেশিবহুল অ্যাকশনের সঙ্গে পাল্লা দেবে সুনীল শেঠির অভিজ্ঞ এবং শান্ত অথচ ভয়ঙ্কর উপস্থিতি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, 'হিটম্যান' কেবল একটি সাধারণ অ্যাকশন ছবি হবে না; বরং এটি হতে চলেছে স্টাইল এবং ক্ষমতার এক দুর্দান্ত সংমিশ্রণ। দুই তারকা, যারা নিজেদের ঘরানায় সেরাদের সেরা, তাঁদের রসায়ন বড়পর্দায় এক দারুণ ইমপ্যাক্ট তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
মুম্বইয়েই তৈরি হচ্ছে দুবাই!
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আঁচ লাগল বলিউডে। নিরাপত্তার খাতিরে দুবাইয়ের নির্ধারিত শ্যুটিং শিডিউল বাতিল করতে বাধ্য হলেন বলিউডের দুই হেভিওয়েট তারকা— শাহরুখ খান এবং অক্ষয় কুমার।পরিচালক আহমেদ খান তাঁর ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর একটি জমকালো গানের দৃশ্যের জন্য পুরো টিম নিয়ে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন মুম্বইয়ের মাড আইল্যান্ড, গোল্ডেন টোব্যাকো স্টুডিও এবং ফিল্ম সিটিতে তৈরি হচ্ছে বিশাল সেট। প্রোডাকশন ডিজাইনার শৈলেশ মড়িক সেখানে নাইট ক্লাব, ক্যাসিনো এবং প্রাইভেট জেটের আদলে সেট তৈরি করছেন, যা দর্শকদের দুবাইয়ের বিলাসিতার স্বাদ দেবে। এই গানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, রবিনা ট্যান্ডন এবং দিশা পটানি সহ ছবির সব প্রধান তারকাদের দেখা যাবে।
















