মহুয়া রায়চৌধুরীর জীবনের মতো তাঁর মৃত্যুও ধোঁয়াশায় মোড়া। আত্মহত্যা করেছিলেন, নাকি খুন হয়েছিলেন? বহু বছর পরও কৌতূহল বাঙালির মনে। টলিউড কাঁপানো অকালপ্রয়াত সেই অভিনেত্রীকে ঘিরে সব বিতর্ক আর রহস্যের উত্তর খুঁজতেই আসছে বহুল চর্চিত বায়োপিক 'গুনগুন করে মহুয়া'৷ যেখানে মহুয়ার চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। বুধবার প্রকাশ্যে এল ছবিতে তাঁর প্রথম লুক। 


এদিন ছবির পোস্টারে মহুয়ার চরিত্রে ধরা দিয়েছেন অঙ্কিতা। বাস্তবের মহুয়া রায়চৌধুরীর মতোই হুবহু মেকআপে পর্দায় ‘মহুয়া’ হয়ে উঠেছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেত্রী। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন অঙ্কিতা।


সম্প্রতি সামনে এসেছে এই ছবির এক চূড়ান্ত ও মর্মান্তিক দৃশ্যের শুটিংয়ের ছবি। সেট থেকে পাওয়া ছবিতে মহুয়ার চরিত্রে দেখা গিয়েছে অঙ্কিতাকে।  তবে চেনা গ্ল্যামারাস রূপে নয়, পোড়া চামড়ার বিভীষিকা মাখা এক রূপান্তর ধরা পড়েছে। প্রখ্যাত রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু তাঁর হাতের নিখুঁত প্রস্থেটিক মেক-আপে অঙ্কিতার অগ্নিদগ্ধ লুক এতটাই বাস্তবসম্মত হয়েছে যে তা দেখে শিউরে উঠছেন সেটের কলাকুশলীরাও।


'গুনগুন করে মহুয়া'-র শুটিং প্রায় শেষ ভাগে। সূত্রের খবর, এই বায়োপিকটি কোনও শুষ্ক তথ্যচিত্রের মতো হবে না, বরং এখানে ব্যক্তি মহুয়ার তুমুল বিতর্কিত ব্যক্তিগত জীবন এবং অভিনেত্রী মহুয়ার অবিশ্বাস্য প্রতিভাকে সমানভাবে ও ড্রামাটিক উপায়ে ফুটিয়ে তোলা হবে।


‘গুনগুন করে মহুয়া’ ছবিতে কাস্টিংয়ের ক্ষেত্রে এক দারুণ চমক রেখেছেন পরিচালক রাজদীপ ঘোষ এবং প্রযোজক রাণা সরকার। প্রয়াত অভিনেত্রীর তরুণী বেলার চরিত্রে অভিনয় করছেন দিব্যাণী মণ্ডল এবং প্রাপ্তবয়স্ক রূপটি ফুটিয়ে তুলছেন অঙ্কিতা মল্লিক। পর্দায় ‘মহানায়ক’ উত্তমকুমারের ভূমিকায় থাকবেন অভিনেতা-পরিচালক তথাগত মুখার্জি। অন্যদিকে, মহুয়ার আবিষ্কারক এবং তাঁর মেন্টর সন্ধ্যা রায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে।


মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরীর চরিত্রে লোকনাথ, দিদির চরিত্রে গায়িকা দেবলীনা নন্দী (যাঁর এই ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে) এবং একটি বিশেষ চরিত্রে থাকছেন অর্পণ ঘোষাল।