সদ্যই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'আজও অর্ধাঙ্গিনী'। প্রাক্তন এবং বর্তমানের যে সম্পর্ক, রসায়ন সেটাই আবারও নতুন করে উঠে এসেছে এই ছবিতে। 'আজও অর্ধাঙ্গিনী' ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে প্রাক্তনদের নিয়ে অকপটে কথা বললেন লগ্নজিতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী এবং জয়া আহসান। জানালেন তাঁদের কাছে প্রাক্তন সম্পর্ক কী, খারাপ কিনা। 

প্রাক্তনদের বিষয়ে ইমন চক্রবর্তী বলেন, "আমার কাছে প্রাক্তন বলতে অভিজ্ঞতায় ভরপুর। সেটা খুব রঙিন। কখনও ধূসর, কখনও কালো, আবার কখনও রামধনুর মতো। খুবই রঙিন, এটা বলতে পারি। আমার জীবনে, আমার প্রাক্তনরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। সেই অভিজ্ঞতা, স্মৃতিগুলো কিন্তু আমি সঞ্চয় করেছি। আমি কোনওটাই ভুলে যাইনি।" 

অন্যদিকে জয়া আহসান বলেন, "আমার কাছে অতীত খুবই গুরুত্বপূর্ণ। এখনকার সময়টা একটা সময় অতীত হয়ে যাবে, শুধু সেই কারণে নয়, আরও একটা কারণ হচ্ছে, আমি নিজে ভীষণ অতীতে বাঁচি। কেউ প্রাক্তন হতেই পারেন কোনও সম্পর্কে, কিন্তু সেটাও সম্মানের। কিন্তু, পার হয়ে আসা সময়, অতীতটুকু তো মিথ্যে নয়। সময়টা ভীষণ সৎ এবং সত্য।" অতীত সম্পর্কে লগ্নজিতা চক্রবর্তী বলেন, "আমার আজ অবধি এমন কোনও সম্পর্ক হয়নি যা খারাপ। যেমন সব কিছুই শেষ হয়, সম্পর্কও নিজের নিয়মে শেষ হয়েছে। যেহেতু আমার কখনও খারাপ সম্পর্ক ছিল না, তাই আমার প্রাক্তনদের সঙ্গে খুবই ভাল সম্পর্ক। যোগাযোগ আছে, দেখাও হয়। আমার বর যে ধরনের মানুষ, তাতে যে ওর বিরাট কিছু এসে যায়, তেমনও কিছু না। ওরও ওর প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ আছে। আমাদের দুজনেরই আমাদের দুজনের প্রাক্তনের সঙ্গে, এবং তাঁদের এখন যাঁরা বর্তমান তাঁদের সঙ্গেও ভাল সম্পর্ক।"

প্রসঙ্গত, 'আজও অর্ধাঙ্গিনী' ছবিটি ১০ জুলাই মুক্তি পেয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় কৌশিক সেন, জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এছাড়া আছেন অম্বরীশ ভট্টাচার্য, ডিম্পল আচার্য, প্রমুখ।