ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলেরই জোরকদমে চলছে ভোটপ্রচার। এরই মাঝে কলকাতায় এলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দেন কঙ্গনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ভোটের আবহে অভিনেত্রী কি শুধু মন্দির দর্শনে এলেন নাকি নির্বাচনী প্রচারও করবেন তিনি? ঠিক কোন কারণে তাঁর কলকাতায় আগমন, সেবিষয়েও জানিয়েছেন কঙ্গনা।
এদিন মন্দিরে কঙ্গনা পরেছিলেন হালকা গোলাপী রঙের সিল্কের শাড়ি। গলায় ছিল ভারী হার। একেবারে রাজকীয় সাজে ধরা দেন 'কুইন'। পুজো দিয়ে কী প্রার্থনা করলেন তিনি? দেশের মঙ্গলকামনায়, বিশেষ করে বাংলার মেয়েদের জন্য পুজো দেন তিনি। সঙ্গে নির্বাচনে বিজেপি যাতে ভাল ফল করে তা নিয়েও প্রার্থনা করেন বলে জানান অভিনেত্রী। যদিও তিনি কোনও বিশেষ পদ্মফুল প্রার্থীর হয়ে প্রচারে যাবেন কিনা তা নিয়ে কিছু জানা যায়নি।
বরাবরই বেফাঁস মন্তব্যের জন্য হামেশাই চর্চায় থাকেন অভিনেত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিট জেতার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে এসেছিলেন তিনি। নিজের শহর মান্ডি থেকেই পদ্ম প্রার্থী হয়েছিলেন কঙ্গনা প্রায় ৭২ হাজার ৮৮ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিক্রমাদিত্য সিংকে হারিয়েছিলেন তিনি।
















