সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লিতে চলা CJP-র (Cockroach Janta Party) বিক্ষোভ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে চাপে ফেলে সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। 

কঙ্গনার বক্তব্য, গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করে। কোনও সংগঠন বা আন্দোলনের চাপের ভিত্তিতে কে মন্ত্রী থাকবেন বা সরকার কী সিদ্ধান্ত নেবে, তা ঠিক হতে পারে না। তাঁর কথায়, "সরকারকে আর্ম-টুইস্ট করা বা চাপে ফেলে সিদ্ধান্ত আদায় করার চেষ্টা ঠিক নয়। জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনা করার সঠিক জায়গা হল সংসদ।" 
সম্প্রতি দিল্লিতে CJP-র নেতৃত্বে আন্দোলন তীব্র হয়েছে। আন্দোলনকারীদের অন্যতম দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনও রয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।

কঙ্গনা আরও বলেন, যদি কোনও সংগঠন সরকারের নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা করে, তাহলে তাদের উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং নির্বাচনে লড়ে জনসমর্থন অর্জন করা। শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করার চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই তাঁর মত। 

উল্লেখ্য, দিল্লির যন্তর-মন্তর ও সংসদ চত্বর ঘিরে চলা এই আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে কঙ্গনা রানাউতের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।