২০২৪ সালে মুক্তি পেয়েছিল 'বহুরূপী'। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, প্রমুখ অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। এবার আসছে এই ছবির সিক্যুয়েল, 'বহুরূপী ২' ওরফে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। চলতি বছরের পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছবিটি, তার আগে রথের দিন প্রকাশ্যে এল ছবির বিষয়ে বড় চমক।
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' ছবিতে পুলিশ হয়ে ধরা দেবেন যিশু সেনগুপ্ত। অর্থাৎ পুলিশের ভূমিকায় এবার আর আবির থাকছেন না। তাঁর জায়গায় আসছেন যিশু। আর সেই ঘোষণা করলেন এদিন স্বয়ং পরিচালক, সঙ্গে প্রকাশ্যে এল অভিনেতার লুক।
কাদা জল উড়িয়ে বাইক নিয়ে ক্রুদ্ধ মুখে আসছেন যিশু সেনগুপ্ত। তাঁর পরনে পুলিশের উর্দি। বাইকের গায়েও পশ্চিমবঙ্গ পুলিশের লোগো। তাঁর চরিত্রের নাম আইসি অয়ন বন্দ্যোপাধ্যায়।
এদিন যিশু সেনগুপ্তর চরিত্রের লুক প্রকাশ্যে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় লেখেন, 'পোস্ত, বাবা বেবি ও, আর এবার বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। যীশু সেনগুপ্তর সাথে রিউনিয়ন হল উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ বছর পূর্তিতে। এবারের পুজো যীশুর সাথে বড় পর্দায়। রথ যাত্রার পুণ্যদিনে প্রভু জগন্নাথ কে স্মরণ করে শুরু করলাম আমাদের যাত্রা।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল।) প্রসঙ্গত, যিশু সেনগুপ্ত অতীতে উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় 'পোস্ত', 'বাবা বেবি ও' ছবি দু'টোতে কাজ করেছেন। 'বহুরূপী ২' তাঁর তৃতীয় কাজ হতে চলেছে এই প্রযোজনা সংস্থার সঙ্গে।
'বহুরূপী ২' ছবিটিতে যিশু সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। ২০২৬ সালের পুজোর সময় মুক্তি পাবে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। বক্স অফিসে ছবিটি মুখোমুখি হবে 'দেশু ৭', 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র', 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র' ছবিগুলোর।
এদিন পুলিশের বেশে যিশু সেনগুপ্তর লুক প্রকাশ্যে আসতেই মুগ্ধ দর্শক। এক ব্যক্তি লেখেন, 'বহুরূপী আজও ভুলতে পারিনি। দুবার দেখেছিলাম। বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর জন্য অপেক্ষা করেছিলাম, এবার সেটা বেড়ে গেল।' আরও এক ব্যক্তি লেখেন, 'রথের দিন দুর্দান্ত খবর দিলেন।' ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, প্রমুখও।
















