চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। ৮ এপ্রিল রাতে হঠাৎই জানা যায় পিছিয়ে গিয়েছে 'অভিমান' ছবির শুটিং। রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর জেরে এই ছবির শুটিং স্থগিত করেছিলেন সৌরভ, যিশু ও প্রসেনজিৎ। কিন্তু ক'দিন আগেই পুনরায় শুরু হয়েছে এই ছবির শুটিং।‌ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি ও যিশু সেনগুপ্তর লুক প্রকাশ্যে এসেছে।

সেখানে দেখা যাচ্ছে, রকস্টারের ভূমিকায় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। স্টেজে উঠে গান গাইছেন তিনি। অন্যদিকে যিশু, শুভশ্রীর মুখে বিষন্নতার ছায়া। পোস্টারে যদিও ধোঁয়াশাই বেশি। তবে অভিনেতাদের লুক প্রকাশ্যে আসার পর, ছবিটা ঘিরে উত্তেজনা বেড়েছে দর্শক মহলে। 

এদিকে, টলিপাড়ার অন্দরের খবর, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অরিজিতা মুখার্জিকে। জানা যাচ্ছে, অরিজিতার চরিত্রটি ভীষণ ইতিবাচক। তাঁর চরিত্রের সঙ্গে যিশু সেনগুপ্তর একটা স্নেহের যোগসূত্র রয়েছে। ইতিমধ্যেই নিজের অংশের শুটিং শেষ করেছেন অভিনেত্রী। অরিজিতা ছোটপর্দা থেকে ওটিটির জনপ্রিয় মুখ। বড়পর্দাতেও বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, ছোটপর্দায় তাঁর চরিত্ররা দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। 'অভিমান' ছবিতেও যে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পাবেই, তা অনুমান করাই যাচ্ছে।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। অরিজিতা ছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি, প্রমুখকে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।