আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
জামিন পেলেন বিক্রম ভাট ও তাঁর স্ত্রী
স্বস্তি পেলেন চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট। বহুদিন জেল থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা। ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দম্পতির বিরুদ্ধে। এই মামলা দায়ের করেন উদয়পুরের ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া। গত বছর অভিযোগ দায়েরের পর রাজস্থান পুলিশ বিক্রম ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে। এর আগে রাজস্থান হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত বেঞ্চ সেই নির্দেশ বাতিল করে দেয়। দেশের শীর্ষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে এবং একইসঙ্গে আর্থিক বিরোধ মীমাংসার জন্য মধ্যস্থতার পরামর্শও দিয়েছে।
হার্দিকের প্রেমের ইস্তাহারে জবাব মাহিকার
হার্দিক পান্ডিয়ার প্রেম নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় দু’বছর। ক্রিকেটতারকার জীবনে এখন নতুন বসন্ত। তাঁর জীবন জুড়ে যে এখন শুধুই মাহিকা শর্মা, তা গত কয়েক দিনে উস্কে দিয়েছে হার্দিকেরই একের পর এক কাণ্ড। প্রেম দিবসে মাহিকাকে উৎসর্গ করে ট্যাটু করেন হার্দিক। তার ঠিক চার দিনের মাথায় প্রেমিকার ২৫তম জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান তিনি। দু’জনের অন্তরঙ্গ ছবি পোস্ট করে লিখেছেন, "শুভ জন্মদিন আমার রাজকন্যা।” সম্পর্ককে কুনজর থেকে বাঁচাতে ‘এভিল আই স্টিকার’ও ব্যবহার করেছেন। প্রেমিকের মাখোমাখো পোস্টে খুশি হয়ে জবাব দিয়েছেন মাহিকা। তাঁর কথায়, "সেরা জন্মদিনের উপহার"। তারকা জুটির সম্পর্ককে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।
আদৌ মুক্তি পাবে ‘দ্য কেরালা স্টোরি ২’?
মুক্তির আগেই নতুন ঝামেলায় জড়াল ‘দ্য কেরালা স্টোরি ২’। ছবিটি মুক্তি স্থগিতের দাবিতে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে কেরালা হাইকোর্ট। অভিযোগ, ছবিটি রাজ্য বা সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল বার্তা ছড়াতে পারে। আদালত প্রযোজক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)‑কে নোটিশ জারি করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘দ্য কেরালা স্টোরি ২’র। দিনক্ষণ নির্ধারিত হলেও মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত মুক্তি স্থগিত থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
