আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
আমির খানের বিরুদ্ধে 'ফতোয়া' জারি
গৌরী স্প্র্যাট-কে বিয়ের পর থেকেই নতুন করে ধর্মীয় বিতর্কে জড়িয়েছেন আমির খান। ইসলাম বহির্ভূতভাবে বিয়ে করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী প্রধান মুফতি মৌলানা ইব্রাহিম হোসেন ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যা দিয়ে বলিউড অভিনেতার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। প্রধান মুফতি স্পষ্ট জানিয়েছেন, ইসলামিক শরিয়ত অনুযায়ী কোনও মুসলিম পুরুষ যদি এমন কোনও অ-মুসলিম নারীকে বিয়ে করেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তবে সেই বিয়ে বৈধ নয়। এই ধরনের সম্পর্ককে ইসলামে পুরোপুরি 'হারাম' বলে গণ্য করা হয়। আমির খানের এই বিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে জারি হওয়া ফতোয়া নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে এবং ধর্মীয় মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সোনম ওয়াংচুকের অনশনে স্বরা ভাস্কর
দিল্লির জন্তরমন্তরে অনশন বসেছেন সোনম ওয়াংচুক। নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘ককরোচ’ দল। প্রথম থেকেই এই আন্দোলনে পাশে থাকার বার্তা দেন সোনম। পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় গত ২৮ জুন থেকে তাঁর এই অনশন শুরু করেন সোনম। মঙ্গলবার অনশনস্থলে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সেখানে গিয়ে স্বরা সোনম ওয়াংচুক এবং আন্দোলনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়াই করার জন্য আপনাদের ধন্যবাদ। সোনম ওয়াংচুক স্যার অক্লান্তভাবে লড়াই করে যাচ্ছেন। ওঁর প্রতি আমার পূর্ণ সমর্থন ও কৃতজ্ঞতা রইল।"
শীঘ্রই আসছে ‘ভাগম ভাগ ২’-এর প্রথম ঝলক
২০০৬ সালের সুপারহিট কমেডি সিনেমা ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে অনেকদিন ধরেই চর্চা চলছে। এবার সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও প্রথম ঝলক আসার বিষয়ে সামাজিক মাধ্যমে বড় ইঙ্গিত দিলেন ছবির টিম। ‘ড্রিম গার্ল’ খ্যাত পরিচালক রাজ শাণ্ডিল্য মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন: "ব্যাস, আর একটু অপেক্ষা... তারপর সব 'সিগন্যাল' খুলে যাবে..." এখানে পরিচালক ‘সিগন্যাল’ শব্দটি আসলে প্রথম পর্বের জনপ্রিয় গান ‘সিগন্যাল পেয়ার কা’র কথাই চেয়েছেন বলে মত অনুরাগীদের। এই পোস্টে অভিনেতা পরেশ রাওয়াল রি-পোস্ট করে লেখেন: "আমেন !" তাদের এই কথোপকথন দেখেই ভক্তদের ধারণা, খুব তাড়াতাড়ি সিনেমার প্রথম ঝলক বা বড় কোনও ঘোষণা আসতে চলেছে।
















