সদ্যই সমাজমাধ্যমে দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন হিরণ চট্টোপাধ্যায়। এরপরই তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা জানান, তাঁদের নাকি আইনত বিচ্ছেদই হয়নি। সেক্ষেত্রে অভিনেতা, বিজেপি নেতার এই দ্বিতীয় বিয়ে অবৈধ। গোটা ঘটনা দেখে, শুনে তাজ্জব বনে যান সকলে। এমনকী পুলিশের দ্বারস্থ হন অনিন্দিতা। এবার জানা যাচ্ছে এই কেসে আগাম জামিন পেলেন হিরণ চট্টোপাধ্যায়। 

আদালত থেকে আগাম জামিন পেলেন হিরণ চট্টোপাধ্যায়। তারপর এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। বললেন, "মহামান্য আদালতের উপর বিশ্বাস রেখে গিয়েছিলাম, আদালত সেই বিশ্বাস রেখেছেন। যে আদেশ, নির্দেশ দিয়েছেন সেটা অবশ্যই পালন করব।" 

এই কেসে তাঁর কী বক্তব্য জানতে চাইলে, অভিনেতা স্পষ্টই বলেন, "মহামান্য আদালতকে যা বলার বলেছি। ওটা সোশ্যাল মিডিয়ার জন্য নয়। এটা একটা ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না এটা পাবলিক হোক। আমি নিজে এই বিষয়ে কথা বলিনি, বলব না। আমি যেমন আপনাদের শ্রদ্ধা করি, চাইব এই সময় আপনারাও যেন সেই শ্রদ্ধা আমার প্রতিও দেখান।" 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই সময় তিনি আজকাল ডট ইনকে বলেন, "আমি সবসময় বিশ্বাস করি, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় যদি কখনও আইনি পর্যায়ে যায়, তবে তা শুধুমাত্র আদালতেই মীমাংসা হওয়া উচিত। এই ধরনের বিষয় সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমে আলোচনা করা আমার নীতির সঙ্গে মানানসই নয়। আমি দায়িত্ববোধ ও মর্যাদার সঙ্গে কথা বলছি। আমি নিয়াসার বাবা। একজন বাবা হিসেবে আমার মেয়ের প্রতি ভালবাসা, দায়িত্ব ও দায়বদ্ধতা আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে।" সূত্র মারফত জানা গিয়েছে, হিরণ কিছু দিন চেন্নাইতে ছিলেন। গত মাসের শেষে কলকাতায় ফিরেই আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। 

বিয়ে করেছেন ২০২৫ সালে, কিন্তু গত ২০ জানুয়ারি দ্বিতীয় বিয়ে এবং স্ত্রীর ছবি প্রকাশ্যে এনেছেন হিরণ চট্টোপাধ্যায়। বেনারসের ঘাটে রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন বিজেপি বিধায়ক। এদিকে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে এখনও ডিভোর্স দেননি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁদের মেয়ে নিয়াসা চটোপাধ্যায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় মামলা রুজু হয়েছে। যার প্রেক্ষিতেই হিরণ আগাম জামিনের আবেদন করেছেন বলে খবর। 

অন্যদিকে, এরই মধ্যে ঋতিকা গিরি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন হিরণ এবং তাঁর পাঁচ বছরের সম্পর্ক, অনিন্দিতা মিথ্যে বলেছেন,হিরণ মোটেই ২০২৫ সালে তাঁদের সঙ্গে গিয়ে থাকেননি। এমনকী ঋতিকার বয়স সম্পর্কেও নাকি ভুল তথ্য দিচ্ছেন অনিন্দিতা। এই অভিযোগের পর ক্ষোভ উগরে দেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী।