বঙ্গে পালা বদলের পর থেকেই ইম্পাতেও বদলের দাবি তুলেছেন সদস্যরা। টলিউডে স্ক্রিনিং কমিটি নিয়ে আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিবেশকরা। আগামী দিনে কীভাবে চলবে স্ক্রিনিং কমিটি, কোন ক্যালেন্ডার অনুযায়ী মুক্তি পাবে ছবি, সেই নিয়েই আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তিত্ব। ইম্পা বন্ধ রাখার দাবি তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন কিছু সদস্য। এরপরই বুধবার বৈঠক ছিল ইম্পার। সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হল?
বৈঠক থেকে বেরিয়ে ঋতব্রত ভট্টাচার্য বলেন, "ইম্পার প্রযোজক বিভাগের সদস্য হিসেবে যাঁরা রয়েছেন, যাঁরা ছবি করেন তাঁরা এবার থেকে তাঁদের পছন্দ মতো বাজেট, পছন্দের টেকনোলজি অর্থাৎ পছন্দের ক্যামেরাতে তাঁদের মতো করে ছবি করতে পারবেন। আর কোনও বাধা রইল না। তাদের যেমন যা টেকনিশিয়ান, কলাকুশলী দরকার সেভাবে ছবি করতে পারবেন। সম্পূর্ণ সমর্থন রইল।"
অন্যদিকে এদিনের বৈঠকে মোটেই খুশি নন পরিবেশক এবং হল মালিক শতদীপ সাহা। তিনি সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে বলেন, "আজকের বৈঠকের বিষয় ছিল সদস্যরা কবে বৈঠকে বসবে। কিন্তু এঁরা আলোচনা করলেন প্রযোজকরা কোন ক্যামেরা ব্যবহার করবেন। আরে প্রযোজক সব করতে পারবে। প্রযোজক টাকা দিলে সব করতে পারবে, যাকে চায়, তাকেই নিতে পারবে। এটা মিটিং করার কী আছে? এগুলো তো আমরা করবই। এঁরা তো এত বছর অধিকার কেড়ে নিয়েছিলেন, কিন্তু এটা তো প্রযোজকের অধিকার যে তিনি তাঁর ছবিতে কাকে নেবেন, কী করবেন সেটা। আমরা সিনেমা প্রডিউস করা বন্ধ করে দিয়েছিলাম। অন্য কাজ করছিলাম। আমি সিনেমা হল চালাই, পরিবেশক, সেটা করছিলাম। তিন ঘণ্টা ধরে এসব আলোচনা করছেন? এভাবে খালি সময় অপচয় করছেন।"
আগামীতে ইম্পার কমিটি নিয়ে কী সিদ্ধান্ত হয়, কোন পথে এগোয় টলিউড সেদিকেই নজর থাকবে সকলের।















