টলিপাড়ায় এবার এক ভিন্ন স্বাদের প্রেমের আখ্যান। পরিচালক বাবাই সেন নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘শিউলি’। গতানুগতিক বাংলা ছবির ধারা থেকে বেরিয়ে এবার দক্ষিণ ভারতীয় সংস্কৃতির সঙ্গে বাঙালি আবেগের এক অনন্য মেলবন্ধন দেখা যাবে এই ছবিতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক, যা ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘শিউলি’ ছবির মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক বাঙালি তরুণী এবং এক দক্ষিণ ভারতীয় যুবকের প্রেমকে কেন্দ্র করে। ভাষা এবং সংস্কৃতির বিভেদ থাকলেও ভালবাসা কীভাবে সমস্ত বাধা অতিক্রম করে, তা-ই এই ছবির মূল উপজীব্য। তবে কেবল প্রেম নয়, ছবির গল্পে রয়েছে গভীর বন্ধুত্বের টানাপোড়েন এবং একটি জটিল ত্রিকোণ প্রেমের সমীকরণ।
পরিচালক এই ছবির জন্য একঝাঁক নতুন প্রতিভাকে বেছে নিয়েছেন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন -
টুইঙ্কল বড়ুয়া: তাঁকে দেখা যাবে নামভূমিকায় অর্থাৎ ‘শিউলি’র চরিত্রে।
রাসিল: ছবির নায়ক, যাঁর চরিত্রের নাম ‘শিবু’।
সুদীপ্তা চক্রবর্তী: একটি গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো চরিত্র ‘তৃনা’র ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আরশি সেন: বিশেষ এক চরিত্রে অভিনয় করছেন তিনি।
নতুন মুখ এবং অন্যরকম ভাবনা নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক বাবাই সেন বলেন, "আমি বরাবরই নতুন ধরনের গল্প বলতে ভালবাসি। দুটি আলাদা সংস্কৃতির প্রেমের গল্প নিয়ে এই ছবি তৈরি করা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। ইন্ডাস্ট্রিতে এখন নতুন ছেলেমেয়েদের আসা খুব প্রয়োজন, যারা ভাল কনটেন্ট উপহার দিতে পারে। আমি ‘শিউলি’ নিয়ে খুব আশাবাদী।"

ছবির সুরকার হিসেবে কাজ করছেন প্রীতম দেব। গানে কণ্ঠ দিয়েছেন টলিউডের পরিচিত গায়ক-গায়িকারা। গান গেয়েছেন প্রশমিতা পাল, পটা, অদ্রিজ ঘোষ এবং সৌভিক কর। কলকাতা শহরের বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে ছবির শুটিং সারা হয়েছে। সুস্মিতা আধিকারী এবং নাজিম মুন্সির যৌথ প্রযোজনায় খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শিউলি’। ত্রিকোণ প্রেমের এই নতুন রসায়ন দর্শকদের মন কতটা জয় করতে পারে, এখন সেটাই দেখার।















