চর্চায় কি তবে আইনি সিলমোহর পড়ল? খাতায় কলমে আলাদা হলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত? প্রযোজক তথা প্রাক্তন অভিনেত্রীর পোস্ট দেখে তেমনই জল্পনা তুঙ্গে। 

এদিন সমাজমাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামের সেই পোস্টে নীলাঞ্জনা লেখেন, 'কখনও কখনও জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।' 

জল্পনা আরও বাড়িয়ে নীলাঞ্জনা তাঁর পোস্টে লেখেন, 'আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তীতে ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি।' 

প্রাক্তন অভিনেত্রী তাঁর পোস্টের শেষে লেখেন, 'আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হল তা আমায় ভিতর থেকে শূন্য করে গেল না। বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত বছর থেকেই ফিসফাস শোনা যেতে থাকে যে আলাদা হচ্ছেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। তাঁরা আর একসঙ্গে থাকেন না। এমনকী সূত্রের তরফে জানা গিয়েছে এই তারকা দম্পতির মেয়েরাও অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখেন না। বরং মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের এই দূরত্বের কারণ হিসেবে মাঝে অভিনেতার আপ্তসহায়কের নাম শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে নীলাঞ্জনা বা যিশুর তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

তবে এদিন নীলাঞ্জনা শর্মা এই পোস্ট করতেই তাতে মন্তব্য করেছেন বরখা বিস্ত সেনগুপ্ত অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্তর প্রাক্তন স্ত্রী। অভিনেত্রী লেখেন, 'তোমায় সম্পূর্ণ ভাবে অনুভব করতে পারছি। ঈশ্বর তোমায় শক্তি দিন।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সূত্রের খবর নীলাঞ্জনার প্রযোজনার সংস্থা প্রযোজিত ধারাবাহিক 'আনন্দী'ও নাকি শেষ হতে চলেছে। ফলে এই পোস্ট ব্যক্তিগত জীবন না ধারাবাহিক শেষ হওয়া নিয়ে সেটা স্পষ্ট নয়।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, যিশু সেনগুপ্তকে দর্শক শেষবার সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেখানে। এছাড়া সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা তৈরি করেছেন। অন্যদিকে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম 'নিনি চিনিস মাম্মা'। এই প্রযোজনা সংস্থার ব্যানারে একাধিক ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।