'ধুরন্ধর ২' সপ্তাহ ঘোরার আগেই বুঝিয়ে দিয়েছে সে অপ্রতিরোধ্য অশ্বমেধের ঘোড়া, এত সহজে তার দৌড় থামবে না। বক্স অফিসে একের পর ছবির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে রণবীর সিং অভিনীত এই ছবি। 

মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৮২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৬২০ কোটি ৬৯ লাখ টাকা ভারতীয় বক্স অফিস থেকে এসেছে। আর বাকি ২১০ কোটি ভারতের বাইরে। বলা যায় এটি ভারতের অন্যতম দ্রুত ব্লকবাস্টার ছবি হওয়ার দিকে এগোচ্ছে। 

মুক্তির পর ষষ্ঠ দিনে, 'ধুরন্ধর ২' বক্স অফিসে দাপট বজায় রাখল। সপ্তাহের মধ্যে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ধুরন্ধর ২ ছবিটি বক্স অফিসে ৩ কোটি ৪৬ লাখ টাকার ব্যবসা করেছে। সোমবার ৬৫ কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি। ষষ্ঠ দিনের শেষে প্রথম সোমবারের আয়কে টপকে যেতে পারে কিনা সেটাই দেখার এখন। 

ইতিমধ্যে পাঁচ দিনের আয়ের নিরিখে 'ধুরন্ধর ২' বক্স অফিসে 'পাঠান' -কে ছাপিয়ে গিয়েছে এবং লাইকসের নিরিখে 'বাহুবলী ২', 'পুষ্পা ২' -কে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ধুরন্ধর ২ ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিটির লাইফটাইম আয়, ৮০৭ কোটিকে ছাপিয়ে গিয়েছে। টপকে গিয়েছে আমির খানের 'পিকে' ছবিকেও। তার লাইফটাইম আয় ছিল ৭৬৯ কোটি টাকা। এবার 'ধুরন্ধর ২' -এর সামনে 'স্ত্রী ২' এবং 'কান্তারা চ্যাপ্টার ১'। অনুমান করা হচ্ছে মঙ্গলবার বিশ্বজুড়ে আয়ের নিরিখে রণবীর সিংয়ের এই ছবি ৯০০ কোটি টাকা ক্রস করে যাবে, ফলে তখন এই দু'টো ছবিকে ছাপিয়ে যাবে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর ২' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় অর্থাৎ হামজার ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ আছেন। ছবিটির প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধর। জল্পনা সত্যিই করে ছবিটিতে ইয়ামি গৌতমকে একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছে। রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' মুক্তি পেতেই হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। তবে আগের বারের মতোই এবারও এই ছবি পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি।

'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' যখন বক্স অফিস কাঁপাচ্ছে তখনই এই ছবির ওটিটি মুক্তি নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। কোন ওটিটিতে দেখা যাবে ‘ধুরন্ধর ২’? ধুরন্ধর সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্স-এ। কিন্তু সিক্যুয়েলের ক্ষেত্রে বড় পরিবর্তন।‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবার আসছে জিও হটস্টার-এ। জানা গিয়েছে, ছবিটির ডিজিটাল স্বত্ব কিনতে প্রায় ১৫০ কোটি টাকার চুক্তি হয়েছে—যা প্রথম ছবির তুলনায় প্রায় দ্বিগুণ! টাকার এই বিশাল অঙ্ক বোঝাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের কাছে ছবিটির গুরুত্ব কতটা।