শুভ মহরৎ হয়ে গিয়েছিলাম সম্প্রতি। এবার জোরকদমে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র আউটডোর শুটিং শুরু করলেন দেব। পা রাখলেন উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে তুলে ধরা হবে উত্তরবঙ্গের করিমুল হকের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি। নিজের বাইককেই অ্যাম্বুলেন্সে পরিণত করে তিনি বছরের পর বছর প্রত্যন্ত গ্রামের অসংখ্য মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছেন, বাঁচিয়েছেন বহু প্রাণ। মানবিকতা, সাহস আর অদম্য ইচ্ছাশক্তির সেই বাস্তব গল্পই এবার বড়পর্দায় ধরা পড়তে চলেছে।


ডুয়ার্সের মাটিতে ফের জমজমাট শুটিং আবহ। মানবসেবার অনন্য প্রতীক করিমুল হক-এর জীবনসংগ্রামকে বড়পর্দায় তুলে ধরতে উত্তরবঙ্গে হাজির সম্পূর্ণ টিম।গত দু’দিন ধরেই ডুয়ার্স-এর বিভিন্ন এলাকায় শুটিং চলছে জোরকদমে। বিশেষত মালবাজার  সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর ও আশপাশের অঞ্চল কার্যত পরিণত হয়েছে ছবির সেটে। হাসপাতালের পুরোনো ব্লককে সাজিয়ে তোলা হয়েছে শুটিং লোকেশন হিসেবে। এদিন সকাল থেকেই কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে  হাসপাতাল চত্বর। সকাল আটটা কুড়ি নাগাদ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শুটিং স্পটে পৌঁছন বাংলার সাংসদ-অভিনেতা। খবর ছড়িয়ে পড়তেই দেবকে একঝলক দেখার আশায় হাসপাতাল চত্বরে ভিড় জমায় বহু মানুষ। যদিও নিরাপত্তাকর্মীরা কাউকেই সামনে ভিড় করতে দেননি।

শুটিংয়ের পরিকাঠামো প্রস্তুত হতেই দেখা যায়, বাইক অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে হাসপাতালে ঢুকছেন দেব। দৃশ্যটি যেন বাস্তবের করিমুল হকের জীবনের প্রতিচ্ছবি, যেভাবে তিনি নিজের মোটরবাইকে অসুস্থ মানুষকে তুলে হাসপাতালে পৌঁছে দিতেন।করিমুল হকের চরিত্রে অভিনয়ের জন্য দেবকে এদিন দেখা যায় একেবারে সাধারণ সাজে। সারাদিন একই পোশাকে বাইক অ্যাম্বুলেন্স চালিয়ে শুটিং করেন তিনি, যাতে চরিত্রের বাস্তবতা বজায় থাকে।ইউনিট সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন ধরে মালবাজার, চালসা সহ ডুয়ার্সের আরও বিভিন্ন এলাকায় শুটিং চলবে। 

 


বাইক অ্যাম্বুলেন্সে দাদা ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় মুদগিল। নির্মাতাদের তরফে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘বিএডি’। প্রযোজনায় থাকছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। বাস্তবের এক অসাধারণ লড়াই ও মানবসেবার গল্প নিয়ে এই প্রয়াস ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।

 

&t=313s

২০২৫ সালের ২৫ ডিসেম্বর, দেবের জন্মদিনেই একদিকে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি ২’, অন্য দিকে সেই বিশেষ দিনেই নায়ক ঘোষণা করেছিলেন তাঁর পরবর্তী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। আর ২০২৬ সালের প্রথম দিনেই অনুরাগীদের জন্য আসে আরও বড় চমক। নতুন বছরের শুরুতেই ছবিটির মুক্তির দিন ঘোষণা করেন তিনি।