রবিবাসরীয় সকালে একদম অন্য অবতারে ছবি পোস্ট করে সকলকে রীতিমত তাক লাগিয়ে দিলেন দেব। রাজকীয় বেশে ধরা দিতেই তাঁর অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, এটা কীসের লুক? 'দাদাগিরি', নাকি নতুন ছবির?
দেব এদিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে তসরের পাঞ্জাবি। রয়েছে জরির বর্ডার। সঙ্গে তসরের ধুতি পরে রয়েছেন মেগাস্টার। মাথায় পাগড়ি, তা দেওয়া পেল্লাই সাইজের গোঁফ। একটি বিশালাকার কাঠের চেয়ার বসে রয়েছেন। ছবিটি পোস্ট করে দেব লেখেন, 'একদম নতুন অবতারে দেখা হবে। এই ২৫ মে।' ব্যাস অমনি জল্পনা শুরু। এটা কি তবে 'দাদাগিরি'র প্রোমো শুটের লুক নাকি 'দেশু ৭' -এর পোস্টার বা প্রথম ঝলক আসছে? নাকি একেবারেই নতুন কাজ? দেবের পোস্টের কমেন্ট বক্সে এ হেন মন্তব্যের ভিড়। তবে সূত্রের তরফে আজকাল ডট ইন জানতে পেরেছে উপরোক্ত কোনও কিছুই নয়। বরং একটি বিজ্ঞাপনের লুক। আর সেটারই ঝলক এদিন দেব পোস্ট করে অনুরাগীদের উৎসাহ, উত্তেজনা বাড়িয়ে দিলেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দেব বর্তমানে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটির ডাবিং করছেন। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে ফুটে উঠবে উত্তরবঙ্গের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' তথা করিমূল হকের জীবনী। নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। তাঁর বিপরীতে থাকবেন রুক্মিণী মৈত্র। এছাড়া আগামীতে দেবকে 'দেশু ৭' ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'দেশু ৭' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়বেন অনির্বাণ ভট্টাচার্য। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা ছবিটির। কিন্তু এখনও নাম ঘোষণা হয়নি। সম্প্রতি রেইকি চলেছে সেই ছবির। 'দেশু ৭' -এ দেব কেবল অভিনয় করবেন না। ছবিটি তিনিই পরিচালনা, প্রযোজনা করবেন। গল্পও তাঁরই লেখা। এছাড়া তাঁর হাতে 'টনিক ২', 'খাদান ২' -এর মতো ছবিও রয়েছে।
সিনেমা ছাড়াও দেবকে দর্শক শীঘ্রই ছোটপর্দায় দেখতে চলেছেন। 'দাদাগিরি'র দায়িত্ব নিতে চলেছেন দেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় তিনি সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন, খবর এমনটাই। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।















