২০২৫ সালে অবশেষে প্রায় ১০ বছর পর জটিলতা কাটিয়ে মুক্তি পেয়েছ দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'ধূমকেতু' বক্স অফিসে দর্শকদের থেকে তুমুল সাড়া পায় সেই ছবি। বলাই বাহুল্য 'পরাণ যায় জ্বলিয়া', 'চ্যালেঞ্জ' ছবির জুটির ম্যাজিক এত বছর পরেও বহাল। আর সেই ম্যাজিক আরও একবার পর্দায় ফেরাতে হাত মিলিয়েছেন দুই প্রাক্তন তথা টলিউডের বর্তমান সময়ের দুই মেগাস্টার, দেব এবং শুভশ্রী। 

২০২৬ সালের একদম গোড়াতেই দেব ঘোষণা করেন চলতি বছরে আবারও একসঙ্গে ছবি নিয়ে আসছেন তিনি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর সময় মুক্তি পাবে তাঁদের সেই ছবি। এখনও পর্যন্ত ছবির নাম ঘোষণা করা হয়নি। ঘোষণা হয়নি পরিচালক থেকে ছবির অন্যান্য বিষয়। কেবল তাঁদের জুটির সপ্তম ছবিকে দেশু ৭ বলে প্রচার করা হচ্ছে। নববর্ষের দিন ছবির নাম প্রকাশ্যে আনা হবে। এদিকে তার আগেই প্রেমের মাসে দর্শক পেয়ে গেল দেশু ৭ ছবির গোল্ডেন টিকিট। 

পুজোর সময় যখন দেশু ৭ ছবি মুক্তি পাবে তার ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট হল এই গোল্ডেন টিকিট। এখানে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সই রয়েছে। 

৮ মাস আগে, ছবির নাম ঘোষণার আগে এভাবে ছবির টিকিট হাতে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দর্শক। কেউ জানিয়েছেন বাড়ির কাছে হল পাননি বলে দূরে একটি জায়গা থেকে টিকিট কেটেছেন। কেউ আবার জানিয়েছেন কলেজে পরীক্ষা চলাকালীন এসে টিকিট নিচ্ছেন। সব মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আসলে যাঁরা ৯০ দশকের ছেলেমেয়ে বা ২০০০ -এর গোড়ার দিকে তাঁদের কাছে দেব, শুভশ্রী জুটি আইকনিক নয়, নস্টালজিয়াও বটে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চলতি বছরে দেবের আরও দুটো ছবি মুক্তি পাবে। স্বাধীনতা দিবসের সময় আসছে তাঁর 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' এবং বড়দিনে আসছে 'টনিক ২'। এমনকী 'খাদান ২' ছবিটির ঘোষণাও করে রেখেছেন। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিতে উত্তরবঙ্গের সমাজসেবক করিমূল হকের জীবনী দেখানো হবে যিনি বাইকে করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেন। এখানে দেব ছাড়াও রুক্মিণী মৈত্র, লোকনাথ দে, প্রমুখ থাকবেন।

দেবকে শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখা গিয়েছে। অভিজিৎ সেন পরিচালিত ছবিটি বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিটিতে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সেখানে তিনি বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন।