হলিউডে শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী কেলি হটল (Kaylee Hottle)। মাত্র ১৮ বছর বয়সে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী৷ 'গডজিলা ভার্সেস কং' এবং 'গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার' ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন৷  এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ অনুরাগী থেকে হলিউডের সহকর্মীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িতে কেলি যাত্রী হিসেবে ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কালভার্টে ধাক্কা মারে। অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। গুরুতর জখম অবস্থায় কেলিকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু হাসয়াপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

 গাড়ির চালক প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। সমাজমাধ্যমে কেলির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা জশুয়া হটল। একইসঙ্গে দুর্ঘটনায় জড়িত তরুণ চালককে তিনি ক্ষমা করে দিয়েছেন বলেও জানান। তাঁর এই মানবিক বার্তা অনেকের মন ছুঁয়ে গিয়েছে।

জন্ম থেকেই শ্রবণপ্রতিবন্ধী ছিলেন কেলি। এমন একটি পরিবারেই তাঁর বেড়ে ওঠা, যেখানে একাধিক প্রজন্মের সদস্যই শ্রবণপ্রতিবন্ধী। ছোটবেলা থেকেই আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ছিল তাঁর যোগাযোগের প্রধান মাধ্যম। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'Godzilla vs. Kong' ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। ছবিতে কং-এর সঙ্গে তাঁর আবেগঘন সম্পর্ক দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছিল। পরে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত 'Godzilla x Kong: The New Empire'-এও একই চরিত্রে অভিনয় করেন তিনি।

শুধু 'গডজিলা' ফ্র্যাঞ্চাইজিই নয়, কেলি 'Magnum P.I.' সিরিজেও অভিনয় করেছিলেন। পাশাপাশি একটি নতুন ছবির কাজও চলছিল। অভিনয়ের পাশাপাশি তিনি শ্রবণপ্রতিবন্ধী শিল্পীদের প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন। তাঁর সহ-অভিনেতা আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, মার্লি ম্যাটলিন-সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।