বার পর্দায় জুটিতে আলি-রিচা 


বাস্তব জীবনের পর এবার রূপোলি পর্দায় ফের একবার জুটিতে ফিরছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি আলি ফজল এবং ঋচা চাড্ডা। একটি আসন্ন সিচুয়েশনাল কমেডি ছবির হাত ধরে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা। ছবির নাম এখনও ঠিক না হলেও, এর পটভূমি যে দিল্লির ওপর ভিত্তি করে তৈরি, তা জানা গিয়েছে।ছবিটি পরিচালনা করছেন শশী বর্মা। ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে শুধু আলি বা ঋচাই নন, তাঁদের পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারহাউস অভিনেতা কুমুদ মিশ্রকে।অভিনেতা আলি ফজল নিজেই তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। বাস্তব জীবনের এই জুটির অন-স্ক্রিন কমিক টাইমিং এবার বক্স অফিসে কতটা জাদু দেখাতে পারে, এখন সেটাই দেখার।


বক্স অফিসে কমছে 'আলফা'-র জোর 

প্রথম ওপেনিং উইকএন্ডে ভাল ব্যবসা করার পর, প্রথম সোমবারের বক্স অফিস পরীক্ষায় বড়সড় ধাক্কা খেল আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’ । স্যাকনিল্কের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত ১০টা পর্যন্ত ছবিটি মাত্র ২.৮৭ কোটি টাকার ব্যবসা করেছে। মুক্তি পাওয়ার পর থেকে এটাই এই ছবির এক দিনে সবচেয়ে কম কালেকশন। আর এর সঙ্গেই ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৩৬.৮৭ কোটি টাকায়।

সাধারণত রবিবারের তুলনায় সোমবারে যে কোনো ছবির আয়ে কিছুটা মন্দা আসাই স্বাভাবিক, তবে ‘আলফা’র ক্ষেত্রে এই পতন বেশ চোখে পড়ার মতো। গত শুক্রবার ৯.২৫ কোটি টাকা দিয়ে খাতা খোলার পর, উইকএন্ডে বেশ ভালো বৃদ্ধি দেখিয়েছিল ছবিটি। শনিবার ১১.৫ কোটি এবং রবিবার ১৩.২৫ কোটি টাকার ব্যবসা করে একপ্রকার আশা জাগিয়েছিল আলিয়া-শর্বরীর এই লেডি-লেড অ্যাকশন ট্রিলজি।

তবে আশঙ্কার কথা হলো, যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যান্য সিনেমা যেমন ‘ওয়ার ২’, ‘পাঠান’ কিংবা ‘টাইগার ৩’-এর তুলনায় ‘আলফা’র ওপেনিং উইকএন্ড কালেকশন এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে কম। যেখানে বাকি ছবিগুলো মুক্তির প্রথম কয়েকদিনেই অনায়াসে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল, সেখানে ‘আলফা’কে ভারতীয় বক্স অফিসে বেশ কসরত করতে হচ্ছে।

অবশ্য একটি স্বস্তির জায়গাও রয়েছে আলিয়ার জন্য। তাঁর আগের ছবি ‘জিগরা’ (২০২৪) মুক্তির চতুর্থ দিনে মাত্র ১.৬৫ কোটি টাকা কামাতে পেরেছিল। সেই তুলনায় ‘আলফা’ সোমবারের শেষে ‘জিগরা’র চতুর্থ দিনের আয়কে টপকে যেতে সফল হয়েছে। সোমবার সারা দেশে মোট ৬,৯৯৭টি শো থেকে এই ছবির থিয়েটার অকুপেন্সি ছিল মাত্র ১০.৯৭ শতাংশ। এখন দেখার, সপ্তাহের বাকি কাজের দিনগুলোতে এই স্পাই-ড্রামা ঘুরে দাঁড়াতে পারে, নাকি বক্স অফিসে এর দৌড় আরও মন্থর হয়ে পড়ে।


সৌরভের জন্মদিনে এই সারপ্রাইজ?

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এবং প্রভাবশালী অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ নিয়ে সিনেমা প্রেমী থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এবার সেই বহু প্রতীক্ষিত ছবিকে কেন্দ্র করে সামনে এল এক বিরাট আপডেট। টলিপাড়া ও বলিউডের অন্দরের জোর গুঞ্জন, আগামী ৮ই জুলাই ‘মহারাজ’-এর জন্মদিনেই ছবির প্রথম অফিশিয়াল লুক বা ‘ফার্স্ট লুক’ প্রকাশ করতে চলেছেন নির্মাতারা।

ছবিতে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের জুতোয় পা গলাচ্ছেন বলিউডের অন্যতম তুখড় ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও। পর্দার ‘দাদা’ হয়ে ওঠার জন্য তিনি যে গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল সিলমোহর দেওয়া হয়নি, তবে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র দাবি করছে যে সৌরভের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতেই ওইদিন এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য  দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।