বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন ছবি ‘চৌহান’ ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই রাজপুত ও ক্ষত্রিয় পরিষদের তোপের মুখে পড়েছিলেন নির্মাতারা। কিন্তু সেই বিতর্কের আগুন নিভতে না নিতেই এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য! ছবির প্রথম টিজারে যে কণ্ঠস্বর শুনে দর্শকরা রোমাঞ্চিত হয়েছিলেন, সেই গলা যার—সেই অভিনেতা মহম্মদ জিশান আইয়ুব দাবি করলেন, তাঁর গলা নাকি 'প্রতারণা' করে ব্যবহার করা হয়েছে!

সপ্তাহখানেক ধরে চুপ থাকার পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুদীর্ঘ ও বিস্ফোরক বিবৃতির মাধ্যমে মুখ খুলেছেন এই পাওয়ারহাউস অভিনেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অজয় দেবগণের এই বিতর্কিত প্রজেক্টের সাথে তাঁর দূর-দূরান্তেও কোনও সম্পর্ক নেই।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। জিশান জানান, প্রযোজক আনন্দ এল রাইয়ের সঙ্গে  তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ক থাকার খাতিরে তিনি কেবল বিশ্বাসের ওপর ভর করে একটি মাত্র সংলাপ ডাব করে দিয়েছিলেন। সেই সময় তাঁকে ছবির কোনোও চিত্রনাট্য, ব্যাকগ্রাউন্ড কিংবা দৃশ্যপট দেখানো হয়নি।

এরপর ছবির টিজারটি মুক্তি পেতেই জিশানের মাথায় আকাশ ভেঙে পড়ে! তিনি দেখতে পান, যে উদ্দেশ্যে তাঁর গলা ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিন্ন এবং বিতর্কিত। এরপরেই গর্জে ওঠেন অভিনেতা। কালবিলম্ব না করে নির্মাতাদের নির্দেশ দেন টিজার থেকে তাঁর গলার আওয়াজ অবিলম্বে মুছে ফেলার জন্য। জিশানের প্রবল আপত্তির মুখে পড়ে ১৫ দিন আগেই টিজার থেকে তাঁর ডাবিং সরিয়ে নিতে বাধ্য হন নির্মাতারা।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে জিশান লেখেন, “কয়েক সপ্তাহ আগে একটি ছবির টিজার আমার গলার আওয়াজ দিয়ে শুরু হয়েছিল। আমি অন রেকর্ড জানাতে চাই, এই ছবির সঙ্গে আমি আর কোনওভাবেই জড়িয়ে নেই। বস্রেফ বন্ধুদের ওপর বিশ্বাস রেখে এক লাইন সংলাপ ডাব করেছিলাম। কিন্তু ছবির টিজারে যেভাবে আমার গলা ‘অপব্যবহার’ করা হয়েছে, তা দেখে আমি সঙ্গে সঙ্গে আমার আওড়ানো সেই সংলাপ  সরাতে বলি। একজন শিল্পী হিসেবে আমি কখনওই এমন কাজের অংশ হতে পারি না।”

 

?ref_src=twsrc%5Etfw">July 21, 2026

 

শুধু নিজের অবস্থান স্পষ্ট করাই নয়, দেশের বর্তমান উত্তাল রাজনৈতিক পরিবেশ এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও সরব হয়েছেন জিশান। দিল্লিতে চলতে থাকা সিজেপি (CJP) আন্দোলনের ইঙ্গিত করে তিনি বলেন, “আমার এই ব্যক্তিগত বিতর্কের চেয়েও এখন সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার আমাদের দেশের সেই সমস্ত তরুণ শিক্ষার্থীদের ওপর, যারা রাজপথে নেমে সাহস নিয়ে লড়াই করছে। তাদের এই অদম্য মনকে  আমি কুর্নিশ জানাই। জয় হিন্দ, জয় সংবিধান।”

উল্লেখ্য, নীরজ যাদব পরিচালিত এবং জিও স্টুডিও ও কালার ইয়েলো প্রডাকশনের ব্যানারে নির্মিত অজয় দেবগণের এই 'চৌহান' ছবিটি আগামী ১ অক্টোবর, ২০২৭-এ প্রেক্ষাগৃহে আসার কথা। কিন্তু ছবিটির কাজ শুরুর আগেই যেভাবে বিতর্ক ও বয়কটের মেঘ ঘনীভূত হচ্ছে, তাতে আগামী দিনে অজয় দেবগণের এই বিগ বাজেট প্রজেক্ট কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা বি-টাউন!