সলমন খান থেকে হৃতিক রোশন, সইফ আলি খান থেকে শাহিদ কাপুর - বলিউডের প্রথম সারির তারকাদের লুক ও হেয়ারস্টাইলের ভোলবদল যাঁর হাতের ছোঁয়ায় ঘটে, তিনি আলিম হাকিম। পর্দার পেছনে থাকা সেইসব রূপটান শিল্পী, হেয়ার ড্রেসারদের সম্মান নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন এই সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট। ১৫ মে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ এবং কড়া বার্তা শেয়ার করে বিনোদন জগতে টেকনিশিয়ানদের প্রতি হওয়া দুর্ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি।
তারকাদের অহংকারী ম্যানেজার ও প্রতিনিধিদের একহাত নেওয়ার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়ে এক বিস্ফোরক বয়ান দিয়েছেন আলিম। পর্দার পেছনের কারিগরদের ‘স্টাফ’ তকমা দিয়ে ছোট করার মানসিকতার তীব্র বিরোধিতা করে আলিম হাকিম লেখেন, “তারকার পেছনের শিল্পীদের সম্মান করতে শিখুন। হেয়ারড্রেসার, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট, অ্যাসিস্ট্যান্ট এবং ক্রু মেম্বারদের দয়া করে ‘শুধু স্টাফ’ বলে ডাকবেন না। প্রতিটি পাবলিক অ্যাপিয়ারেন্স, রেড কার্পেট মোমেন্ট, সিনেমার লুক কিংবা ফটোশুটের পেছনে এই সৃজনশীল মানুষগুলো নীরবে তাঁদের মন, সময়, মেধা এবং শক্তি উজাড় করে দেন, যাতে অন্য কেউ ক্যামেরার সামনে উজ্জ্বল হয়ে উঠতে পারে।”
পর্দার পেছনের এই কর্মীদের ব্যক্তিগত ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে আলিম জানান, অনেকেই সূর্য ওঠার আগে বাড়ি থেকে বের হন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন, পরিবারের জন্মদিন, উৎসব, ঘুম, মানসিক শান্তি— সবকিছু বিসর্জন দেন শুধুমাত্র অভিনেতাদের সেরা লুকটি উপহার দেওয়ার জন্য।
কারও নাম না নিয়ে আলিম হাকিম সরাসরি তারকাদের ম্যানেজার এবং জনসংযোগ দলের অভদ্র আচরণের দিকে আঙুল তুলেছেন। তিনি লেখেন, “ম্যানেজারদের এভাবে রুঢ় ভাষায় কথা বলতে দেখা, সাধারণ ক্রু মেম্বারদের অপমান করা, অহেতুক দেমাক দেখানো বা অন্যের ভুলের রাগ নিরীহ কর্মীদের ওপর ঝাড়া অত্যন্ত হৃদয়বিদারক। অনেক সময় অভিনেতারা নিজেরাও বুঝতে পারেন না যে, তাঁদের ভ্যানিটি ভ্যানের বাইরে থাকা প্রতিনিধিরা সাধারণ মানুষের সাথে কতটা খারাপ ব্যবহার করছেন এবং এর ফলে বাইরে ওই অভিনেতার নিজের ইমেজ, সম্মান ও পজিটিভ এনার্জি কতটা নষ্ট হচ্ছে।”
এই অসম্মানজনক পরিস্থিতির অবসান ঘটাতে নিজের টিম সহ এক চরম পেশাদার সিদ্ধান্ত নিয়েছেন আলিম হাকিম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন— “যেসব অভিনেতাদের টিম বা প্রতিনিধিরা পর্দার পেছনের কোনও ক্রিয়েটিভ প্রফেশনাল বা ক্রু মেম্বারের সঙ্গে দুর্ব্যবহার বা অবমাননাকর আচরণ করবেন, আমরা তাঁদের সঙ্গে আর কাজ না করার এবং সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
আলিমের এই সাহসী পদক্ষেপকে বলিউডের অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করেছেন, “একদম ঠিক বলেছেন স্যার। সম্মান এবং সমতা— এই দুটি জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।” অন্যদিকে চলচ্চিত্র পরিচালক ও নৃত্য পরিচালক ফারহা খান লিখেছেন, “দারুণ বলেছ আলিম।”
আলিম হাকিমের এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা টিনসেল টাউনের অন্দরে শুটিং সেটের কাজের সংস্কৃতি এবং টেকনিশিয়ানদের নায্য অধিকার নিয়ে এক বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।
















