সংবাদসংস্থা মুম্বই: বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে হয়েছে জটিলতর। এরই মাঝে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশে ঘটে চলা ঘটনার প্রকাশ্যে নিন্দা করেছেন দুই বাংলার বহু তারকা। প্রথম বলি অভিনেত্রী হিসাবে এবার এই তালিকায় নাম লেখালেন সোনম কাপুর। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বাংলাদেশের এ পরিস্থিতিকে 'ভয়াবহ' আখ্যা দিয়েছেন।

সামাজিক মাধ্যমের পাতায় সোনম লিখেছেন "এটি খুব ভয়ংকর পরিস্থিতি। আসুন আমরা সবাই বাংলাদেশবাসীর জন্য প্রার্থনা করি।" ওই পোস্টটি বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির বিশদ বিবরণ দিয়েছে। এই ঘটনায় একদিনে ৯২ জন মারা গিয়েছে। জুনের শেষের দিকে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়। কারণ, শিক্ষার্থীরা সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতির অবসান চেয়েছিল। কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী এবং পুলিশ ও সরকারপন্থী কর্মীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এরপর থেকে বিক্ষোভ ব্যাপক আকার নেয়।

এই প্রতিবাদে সামিল হয়েছিলেন টলিউডের বহু তারকারা। যাঁরা একসময় কাজ করেছেন বাংলাদেশে তাঁরা যে মেনে নিতে পারছেন না, তা তুলে ধরেছিলেন তাঁদের বক্তব্যের মাধ্যমে। এর আগে বলিউডের কোনও তারকাকেই এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। এবার সোনমের হাত ধরে শুরু হল বাংলাদেশের প্রতি বলিউডের সহমর্মিতাও।