টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

আলিয়ার চিন্তায় ববি!

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক ছবি 'আলফা' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি ছবিটির শুটিংয়ের একটি দৃশ্য সামনে এসেছে, যা নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। এই ভিডিওতে দেখা গিয়েছে, আলিয়া ভাট এবং শর্বরী দু'জনেই কতটা কঠোর পরিশ্রম করে অ্যাকশন দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন। ছবিতে আলিয়া ভাটের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন ববি দেওল। শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে ববি জানান, আলিয়ার শারীরিক গড়ন বেশ ছোটখাটো, তাই অ্যাকশন দৃশ্য করার সময় তিনি কিছুটা চিন্তিত ছিলেন। ববির কথায়, "আলিয়াকে সামনাসামনি দেখলে বোঝা যায় সে কতটা ছোটখাটো। শুরুতে আমার ভয় হচ্ছিল, মারপিটের দৃশ্য করতে গিয়ে না জানি ও আঘাত পায়! কিন্তু শুটিংয়ের সময় ওর দক্ষতা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি।"

কেন কলেজ ছাড়েন আমির?

বলিউডের 'মিস্টার পারফেক্টশনিস্ট' আমির খানের জীবনের এক অজানা এবং মজার কাহিনী সম্প্রতি উঠে এল অভিনেতা বিন্দু দারা সিং-এর কথায়। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, আমির খানের সঙ্গে তাঁর একই কলেজে পড়ার সময় একবার প্রবল বৃষ্টির দিনে আমির ক্লাসে হাজির হয়েছিলেন হাফ প্যান্ট পরে। ক্লাসে ঢোকার পর শিক্ষক আমিরকে তাঁর এমন অদ্ভুত পোশাকের কারণ জিজ্ঞেস করেন। জবাবে আমির খুব সহজভাবে জানিয়েছিলেন, বৃষ্টির কারণে জামা-কাপড় ভিজে যায়, তাই হাফ প্যান্ট পরে আসাই সুবিধার। এই উত্তরের পর শিক্ষক তাঁকে সরাসরি ক্লাস থেকে বের করে দেন। বিন্দু দারা সিং জানান, এই ঘটনার পরেই আমির কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেন। পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি সিনেমার জগতে মন দেন এবং মনসুর আলি খানের সহকারী হিসেবে কাজ শুরু করেন।

বিচ্ছেদের পর রোম্যান্স হারিয়েছেন এশা?

ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর এখন এশা দেওল কী অনুভব করছেন, তা নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। এষা জানান, জীবন থেকে প্রেম এবং রোম্যান্স যে হারিয়ে গিয়েছে তিনি তা বেশ অনুভব করছেন। নিজেকে একজন ‘কমপ্লিট রম-কম’ মানুষ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ভাললাগার গান বা প্রেমের গল্পগুলো এখন তাঁর মন খারাপের কারণ। আসলে এই আবেগগুলো তিনি বর্তমানে মিস করছেন। তবে অতীতের সম্পর্কের তিক্ততা বা বিবাহবিচ্ছেদের কারণে প্রেমের প্রতি তাঁর বিশ্বাস বিন্দুমাত্র কমেনি।