ঠিক ১৯ বছর আগের আজকের দিনেই (২৯ শে জুন, ২০০৭) বদলে দিয়েছিল বলিউডের রোমান্টিক-থ্রিলার ছবির সংজ্ঞা। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোহিত সুরির আইকনিক ছবি ‘আওয়ারাপন’। মুক্তির সময় বক্স অফিসে এ ছবি খুব একটা সাড়া না পেলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি বলিউডের অন্যতম সেরা ‘কাল্ট ক্লাসিক’ ছবির মর্যাদা পায়। বিশেষ করে ছবির গান ‘তো ফির আও’ কিংবা ‘তেরা মেরা রিশতা’ আজও মানুষের প্লে-লিস্টে রাজত্ব করে। আর আজ, সেই ছবির ১৯ বছর পূর্তির বিশেষ দিনে দর্শকদের জন্য এল বড় সারপ্রাইজ— মুক্তি পেল ‘আওয়ারাপন ২’-এর প্রথম ঝলক!

বহু বছর পর আবারও পর্দার সেই চেনা ‘শিবম’ হয়ে কামব্যাক করছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। টিজারের শুরুতেই ওঁর মুখে শোনা যায় সেই সংলাপ— “ব্যথার সঙ্গে আমার সম্পর্ক খুব পুরনো” এক সংলাপেই যেন নিমেষে ফিরিয়ে এনেছে এক দশক আগের চেনা নস্টালজিয়া।

আলো-আঁধারির আবহে এই টিজারে ইমরান হাশমিকে তাঁর জীবনের প্রথম প্রেম ‘আলিয়া হামিদ’ ( সিরিজের প্রথম ভাগে যে চরিত্রে অভিনয় করেছিলেন শ্রিয়া শরণ)-এর কবরের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়। অতীতের সেই ক্ষত বুকে নিয়েই ইমরানকে বলতে শোনা যায়, “কিছু মানুষের গল্প তাদের নিজেদের ইচ্ছায় শেষ হয় না; তাদের গল্প লেখা হয় অন্যদের জন্য।”

এই গভীর এবং আবেগঘন সংলাপ ইঙ্গিত দিচ্ছে যে, এবার শিবম শুধু কামব্যাক-ই না, বরং এক পুরনো হিসেব নিকেশ চুকিয়ে গল্পকে আরও এক ধাপ আবেগের চূড়ায় নিয়ে যেতে তৈরি সে। টিজারে গুন্ডাদের সঙ্গে মারপিট করার সময় ইমরানকে গর্জে উঠে বলতে শোনা যায়, এবার হয় সে শেষ হয়ে যাবে, না হলে ওঁর ভেতরের এই ‘আওয়ারাগি’ বা খামখেয়ালীপনা চিরতরে ঘুচে যাবে!

 


পুরো টিজার জুড়ে ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে ‘তো ফির আও’ গানের একটি রিমাস্টার্ড ও নতুন সংস্করণ, যা টিজারের প্রতিটি ফ্রেমের আবেগকে এক ধাক্কায় বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।  

সিরিজের প্রথম পার্টের পর এই দ্বিতীয় কিস্তিতে একঝাঁক নতুন মুখকে দেখা যাচ্ছে। টিজারেই প্রথম ঝলক মিলেছে বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবং বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি-র। ছবিতে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করছেন।

তবে ‘আওয়ারাপন’ সিরিজের এই নতুন ছবি মোহিত সুরি পরিচালনা করছেন না। ‘বিশেষ ফিল্মস’ -এর প্রযোজনায় এবং ‘মিত্রোঁ’ খ্যাত পরিচালক নিতিন কক্কর-এর পরিচালনায় সিনেমাটি আগামী ২০২৬ সালের ১৪ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য একেবারে তৈরি।