ছোটপর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অর্কজা আচার্য। এবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। শুভেন্দু ঘোষের পরিচালনায় আসছে একটি আদ্যপান্ত প্রেমের ছবি। সেই ছবির নায়িকার চরিত্রেই দেখা যাবে অর্কজাকে। ছবির নাম, 'ভ্যালেন্টাইস ডে'। 

ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেম আবার ফিরে পাওয়ার গল্প বলবে এই ছবি। ছবিতে 'জুলি'র চরিত্রে অর্কজা। তাঁর নায়ক রিকি তিওয়ারি। ছোটবেলা থেকেই দু'জনের প্রেম। কিন্তু সেই প্রেম আর পরিণতি পায় না। সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়। কিন্তু তাদের আবার দেখা হয় প্রায় ২০-২৫ বছর পর। তখন তারা নিজেদের জীবনে অনেক এগিয়ে গিয়েছে। প্রাপ্তবয়স্ক চরিত্রে রয়েছেন রিমা ও সুদীপ মুখার্জি। এই ছবির প্রযোজকের দায়িত্বও সামলেছেন রিমা। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ, জয়িতা ব্যানার্জি সহ আরও অনেকে। ছবির চমক হয়ে থাকবেন ইম্পার শতদীপ সাহা। তাঁকে এই প্রথমবার ছবিতে অভিনয় করতে দেখা যাবে‌‌। 

ছবির গল্পে কোন দিকে এগোবে প্রাক্তন জুটির জীবন? সেটাই দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই ছবির। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে ছবির প্রথম ঝলক।

প্রসঙ্গত, অর্কজার এই প্রথমবার বড়পর্দায় পা। মিষ্টি প্রেমের গল্পের নায়িকা হিসেবে ধরা দিতে চলেছেন তিনি। ছোটপর্দায় 'ওগো নিরুপমা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু তাঁর। ওই ধারাবাহিকের পর বেশ কিছুটা বিরতি নিয়ে ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে ফিরেছিলেন তিনি। তারপর মাইক্রো ড্রামাতেও কাজ করেছেন অর্কজা। কিছুদিন আগে তাঁকে দর্শক দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'আনন্দী'তে। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সুপর্ণা'। এর মধ্যেই আসে ছবির সুযোগ। প্রথমবার বড়পর্দার নায়িকা হিসেবে অভিনেত্রীকে দেখবেন দর্শক মহল।