বিরাট ক্ষতির মুখে 'কম্পাস' ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায়। বাড়িতেই পিছলে পড়ে গিয়ে পা ভেঙেছে অভিনেতার। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন পর্দার 'বিহান'। সম্প্রতি সমাজমাধ্যমে হাসপাতাল থেকে ছবি ভাগ করেছেন অর্কপ্রভ। সেখানে দেখা যাচ্ছে, পায়ে প্লাস্টার করা রয়েছে তাঁর।
কীভাবে ঘটল এই অঘটন? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অর্কপ্রভর বান্ধবী অভিনেত্রী শ্রীতমা দের সঙ্গে। শ্রীতমা জানান, বাড়িতেই পা পিছলে পড়ে গিয়েছিল অর্কপ্রভ। ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় হাড় ভেঙেছে, তাই প্লেট বসানো হয়েছে। অপারেশনের পর এখন সুস্থ আছেন অভিনেতা। শ্রীতমা আরও জানান, অর্কপ্রভ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি।

পায়ে এই ভয়ঙ্কর চোট নিয়ে কীভাবে শুটিংয়ে ফিরবেন তিনি? এখন ক'দিন কি বাড়িতেই বিশ্রাম নেবেন? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
অর্কপ্রভকে দর্শক 'কম্পাস'-এ 'বিহান'-এর চরিত্রে দেখে দারুণ পছন্দ করেছেন। অল্পদিনেই দর্শকের কাছে ভালবাসা পেয়েছেন তিনি। এর আগেও অর্কপ্রভর জনপ্রিয়তা ছিল ব্যাপক। অভিনেতার সমাজমাধ্যমের পোস্ট ঘিরে তাই ইতিমধ্যেই কৌতূহল শুরু হয়েছে। অভিনেতার সুস্থতা কামনা করছেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস'-এ অর্কপ্রভর নায়িকা পর্ণা চক্রবর্তী। এই প্রথমবার ছোটপর্দার নায়িকা হিসেবে দর্শক দেখছেন তাঁকে। তবে জুটি হিসেবে এই প্রথমবার তাঁদের দেখে পছন্দ করেছেন দর্শক। শুরুতে যদিও টিআরপি তালিকায় বেশ ভাল ফল করতে দেখা যেত এই মেগাকে। কিন্তু এখন সময়ের পালাবদলে টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে সেভাবে নজর কাড়ে না কম্পাস-বিহানের গল্প।















