দেশে, বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন অরিজিৎ সিংয়ের ভক্তরা। তাঁর গানের সুরে মুগ্ধ ৮ থেকে ৮০। কিন্তু একই সঙ্গে তিনি সবসময় যেটা মনে হয়েছে সেটাও স্পষ্ট করে বলেছেন, নিজের মতো প্রয়োজনে প্রতিবাদ করেছেন। আরজি কর কাণ্ডের সময় গান বেঁধেছিলেন প্রতিবাদ করে। এবারও সিজেপি, যন্তর মন্তরের প্রতিবাদ নিয়েও সরব হয়েছেন অরিজিৎ সিং। আর সেই কারণেই তাঁকে ভক্তের রোষের মুখে পড়তে হয়েছে। তারপরই কী জবাব দিলেন গায়ক?
এদিন অরিজিৎকে উদ্দেশ্য করে এক ব্যক্তি লেখেন, 'বিষয়টা সিজেপি বা সরকার নয়। কিন্তু আমার আপনার প্রতি যত, যা শ্রদ্ধা ছিল সব হারিয়ে গেল। আর তার জন্য একাধিক কারণ দায়ী! কিন্তু আপনি তো বলেই দিয়েছিলেন আমার কোনও মতামতের গুরুত্ব নেই আপনার কাছে। ঠিক আছে। এতদিন একনিষ্ঠ ভক্ত থাকার ফল এটা। এখন আপনাকে মন থেকে ঘৃণা করি আমি।'
ভক্তের এই মন্তব্যের পর মোটেই চুপ করে বসে থাকেননি অরিজিৎ সিং। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। জানিয়েছেন, কেউ তাঁর ভক্ত বলেই তাঁকে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, এমনটা নয়। গায়ক এদিন সেই ব্যক্তির উদ্দেশ্যে লেখেন, 'কে আমায় সম্মান করল, আর কে নয়, সেটা নিয়ে আমি চিন্তিত নই। অন্যের মতামত নিয়েও আমি ভাবিত নই, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আপনি আপনার ভক্ত বলে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতে আমি মোটেই বাধ্য নই। কিন্তু ব্যক্তি হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথা হয়তো আপনাকে আঘাত দিয়েছে। কিন্তু আমি ভীষণই রেগে আছি। আমাকে স্বাধীন হওয়ার জন্য ক্ষমা করবেন। আপনি চাইলে আমার সমস্ত প্লেলিস্ট ডিলিট করে দিতে পারেন। আমার উপস্থিতি ভুলে যেতে পারেন। ভাল থাকুন।'

কিন্তু কী নিয়ে এত বচসা? ২১ জুলাই সিজেপির প্রতিবাদ নিয়ে অরিজিৎ সিং টুইটারে লেখেন, 'ভাই এখন তো ছাত্রদের করছেন আপনারা। হ্যালো নেতা মন্ত্রী! হ্যালো দিল্লি পুলিশ, আপনারা লজ্জিত নন? কী চলছে এসব? নিজেদের কি ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। হরহর মহাদেব। মনে রাখবেন, বদল একমাত্র সত্য।' তাঁর এই পোস্ট অনেকেই ভাল ভাবে নেননি। সেটাকে ঘিরেই শুরু হয় এই কথা কাটাকাটি।
কেবল অরিজিৎ সিং নন, রত্না পাঠক সাহ, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি সহ আরও অনেকেই গোটা ঘটনার বিরোধিতা করেছেন। কেউ নিজেরা প্রতিবাদে সামিল হয়েছিল, কেউ সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে।
















