ছোটপর্দা, বড়পর্দায় এমনকী ওটিটিতেও বিভিন্ন চরিত্রে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। ইতিবাচক হোক বা নেতিবাচক, সব ধরনের চরিত্রেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক মহলেও। এবার তাঁকে দেখা যাবে, হইচই-এর আসন্ন সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় সিজনে। নিজেই পরিচালক জয়দীপ মুখার্জির সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এই খবরের ইঙ্গিত দিয়েছেন অনুভব।

তবে এই সিরিজে কোন চরিত্রে থাকছেন তিনি, তা এখনও পর্যন্ত জানা যায়নি। রহস্যের দুনিয়ায় তিনি অচিন্ত্যর পক্ষে না বিপক্ষে সেটা জানা যাবে সিরিজের গল্পে। ইতিমধ্যেই সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে অনুভবকে দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস'-এ। এই মেগায় বিহানের হারিয়ে যাওয়া দাদার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। গল্পে তাঁর চরিত্রের নাম 'প্রান্তিক'। কিছুদিন আগেই প্রান্তিকের সঙ্গে ধারাবাহিকের খলনায়িকা মোনালিসার বিয়ে হয়। 


প্রসঙ্গত, এবার অচিন্ত্য আইচের নতুন সিজনে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তীও দেখা যাবে। তবে গল্পে সব্যসাচীর চরিত্রটি ঠিক কেমন হবে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তাঁর চরিত্রটি যে এই সিরিজে দারুণ নজর কাড়বে, সেটা বোঝাই যাচ্ছে। আবারও আদালত চত্বরে জমবে ঠিক-ভুলের খেলা। সত্যিকে সবার সামনে আনার জন্য আবারও সমাজের বিরুদ্ধে লড়তে দেখা যাবে অ্যাডভোকেট অচিন্ত্য আইচকে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় সিজন। বরাবরের মতোই কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে অবশ্যই দেখা যাবে খেয়া চ্যাটার্জি ও দেবরাজ ভট্টাচার্যকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হতে চলেছে এই সিরিজের। জয়দীপ মুখার্জির পরিচালনায় এবারও নানা চমক থাকছে সিরিজের গল্পে।

এই সিরিজের চমক হিসেবে থাকছেন অভিনেত্রী ইশা সাহা। জানা যাচ্ছে, তাঁকে ঘিরেই আবর্তিত হবে অচিন্ত্যর এবারের কেস। এছাড়াও নাকি থাকবেন টলিউডের আরও পরিচিত মুখেরা। আগের দু'টি সিজনেই দেখা গিয়েছিল অভিনেতা শাশ্বত চ্যাটার্জির ক্যামিও। এবার তিন নম্বর সিজনেও তিনি থাকছেন কিনা, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।