'বনেগি আপনি বাত' এবং 'সোনপরি'-র মতো একসময়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রী অনিতা কানওয়াল নাকি বর্তমানে মানসিক যন্ত্রণার শিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একাকীত্ব ও কষ্টের কথা ভাগ করে নিয়েছেন তিনি।

নিজের বর্তমান পরিস্থিতির কথা জানাতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে অনিতা বলেন, “মাঝেমাঝে আমার নিজেকেই শেষ করে দিতে ইচ্ছে করে।”

একসময়ের ব্যস্ততম এই অভিনেত্রী জানান, কেরিয়ারের শীর্ষে থাকার সময় তিনি একসঙ্গে ১৩টি ধারাবাহিকে কাজ করতেন। অথচ আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এত বছরের কেরিয়ার থাকা সত্ত্বেও কাজের জন্য এখনও তাঁকে অডিশন দিতে হচ্ছে।

একটি সাম্প্রতিক অডিশনের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, “একজন সহকারী পরিচালক আমাকে নিজের পরিচয় দিতে বলেছিলেন। আমি বলেছিলাম, ‘আমি অনিতা কানওয়াল, আর আমি তখন থেকে অভিনয় করছি যখন আপনাদের অনেকের জন্মও হয়নি।’ এর পর তারা সবাই চুপ হয়ে গিয়েছিল। কিন্তু এর পরেও আমি রোলটা পাইনি।”

তাঁর কথায়, “আমি অডিশন দিয়ে যাচ্ছি, কিন্তু মনে হয় এখন আর কেউ আমার কাজ পছন্দ করে না। আগে তারা বলত টেলিভিশনে আমার মুখ নাকি ওভারএক্সপোজড হয়ে গিয়েছে। কিন্তু আমি টিভিতে কাজ করা বন্ধ করেছি আট বছর হয়ে গেল। অথচ আজ যখন ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখি, একই অভিনেতাদের প্রতিটি প্রজেক্টে দেখা যায়। তারা কেন ওভারএক্সপোজড হচ্ছেন না? হয়তো আমার সময়টাই এখন ঠিকঠাক যাচ্ছে না।”

কাজ না পাওয়ার এই যন্ত্রণা অনিতাকে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত করেছে যে তিনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়েই সন্দিহান হয়ে উঠেছেন। তিনি জানান, তিনি তাঁর মেয়েকে বলছিলেন, “আমি কেন বেঁচে আছি? এই সমাজ বা আমার শিল্পের প্রতি আমার অবদানটাই বা আর কী রয়েছে? এই ইন্ডাস্ট্রিকে আমি এত কিছু দিয়েছি। সব ধরনের চরিত্রে অভিনয় করেছি, কত পুরস্কার পেয়েছি। তাহলে দোষটা কার? আমার নাকি এই ইন্ডাস্ট্রির?”

অনিতা বলেন, “এখন আমি আত্মগ্লানিতে ভুগি। আমার মনে প্রশ্ন জাগে, আমার মধ্যে কি কোনও সমস্যা আছে? আমি কি কোনও ভুল করছি? হ্যাঁ, আমার বয়স হয়েছে। কিন্তু আমি তো ১২ বছরের কোনও বাচ্চার চরিত্রে অভিনয় করার আবদার করছি না। আমাকে ৭০ বছরের এক বৃদ্ধার চরিত্রেই কাস্ট করুন। আমার বয়সী বহু মানুষ তো প্রচুর কাজ পাচ্ছেন, তাহলে আমি কেন পাচ্ছি না?”

তিনি আরও বলেন, "আমি শুধু কোনও উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকতে চাই না। তবে আবারও বলছি, কখনওই আত্মহত্যার চিন্তা করি না, আমি এর চেয়েও কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু কখনও ওভাবে ভাবিনি। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাকে এভাবে বেঁচে থাকতে না হয়।”

বর্ষীয়ান অভিনেত্রীর এই সাক্ষাৎকার এখন ভাইরাল নেট দুনিয়ায়। তাঁর কথা শুনে অনেকেই তাঁর মনোবল বাড়ানোর কথা বলেছেন।